নিজস্ব প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে ‘সম্মানিত অতিথি’ হিসেবে যোগ দিতে আগামী ২৭ থেকে ২৯শে জুন পর্যন্ত দেশটিতে রাষ্ট্রীয় সফরে যাবেন। এর আগে ২০১৫ সালে তিনি সেশেলস সফর করেছিলেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে, এই উদযাপন অনুষ্ঠানে ভারতীয় সশস্ত্র বাহিনীর একটি দল এবং ভারতীয় নৌ-বাহিনীর দুটি জাহাজ অংশ নেবে। সফরকালে প্রধানমন্ত্রী সেশেলসের প্রেসিডেন্ট ড. প্যাট্রিক হার্মিনির সঙ্গে দ্বি-পাক্ষিক সহযোগিতার সামগ্রিক বিষয় পর্যালোচনা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময় করবেন। এছাড়া তিনি সেশেলসের জাতীয় পরিষদে ভাষণ দেবেন এবং সেখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন। ভারত ও সেশেলসের মধ্যে দীর্ঘদিনের অংশীদারিত্ব বিদ্যমান, যার মূলে রয়েছে অভিন্ন ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন এবং জনগণের মধ্যকার পারস্পরিক সম্পর্ক। ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারতের অন্যতম প্রধান সামুদ্রিক প্রতিবেশী হিসেবে, ভারতের ‘ভিশন মহাসাগর’—যার পূর্ণরূপ হল ‘Mutual and Holistic Advancement for Security and Growth Across Regions’ বা বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা ও প্রবৃদ্ধির লক্ষ্যে পারস্পরিক ও সামগ্রিক অগ্রগতি এবং ‘গ্লোবাল সাউথ’-এর প্রতি ভারতের প্রতিশ্রুতিতে সেশেলস এক বিশেষ স্থান অধিকার করে আছে। এই সফর দেশ দুটির মধ্যকার দৃঢ় ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে পুনর্ব্যক্ত করবে এবং সব ক্ষেত্রে দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে তাদের যৌথ অঙ্গীকারকে সুদৃঢ় করবে।
akb tv news
26.06.2026

.jpg)