কেন্দ্রীয় সরকারের স্মার্ট সিটি মিশন প্রকল্পের দ্বিতীয় ধাপে আগরতলা শহরকে অন্তর্ভুক্ত করা হয়। বর্তমানে এই শহরে স্মার্ট সিটি প্রকল্পে বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলছে। শহরকে স্মার্ট সিটি হিসেবে ঘোষনা করা হলেও শহরের বাজারগুলিতে বড় কোনও প্রকল্প বাস্তবায়ন করা হয়নি। বাজারগুলির কয়েকটি গলিপথ পাকা করা ছাড়া আর কোনও কাজই হয়নি।
শহরের বড় বাজারগুলির মধ্যে রয়েছে মহারাজগঞ্জ বাজার, বটতলা বাজার, দুর্গা চৌমুহনী বাজার। মঠ চৌমুহনী ও জি বি বাজার। এই বাজার গুলিতে স্মার্ট সিটি প্রকল্পে তেমন কোনও উধয়নমূলক কাজ হয়নি বলে অভিযোগ। রাজ্যের সর্ব বৃহৎ মহারাজগঞ্জ বাজার এখনও এক পশলা বৃষ্টিতেই জল কাদায় একাকার হয়ে যায়। নেই পার্কিং এর সুব্যবস্থা। বাজারের যত্রতত্র নোংরা আবর্জনার স্তূপ। ব্যবসায়ীরা দোকান ছেড়ে রাস্তায় পসরা সাজিয়ে রাখেন। মাছ, মাংস, সব্জি বাজার যেই তিমিরে ছিল এখনও সেই তিমিরেই রয়ে গেছে। একই হাল বটতলা বাজারের।
বছর খানেক আগে একটি সিদ্ধান্ত হয়েছিল বটতলা বাজারটিকে পাশের টি আর টি সি এর মাঠে সাময়িক ভাবে স্থানান্তর করে পুরো বাজারটি সংস্কার করা হবে। কিন্তু তারপর আর এই কাজ এগোয়নি। রাজধানীর বিভিন্ন বাজারগুলির ভিতরে কিছু কিছু গলিপথ পাকা করা হলেও নিকাশি ব্যবস্থার বেহাল দশা। যত্রতত্র নোংরা আবর্জনার স্তুপ । নিয়মিত সাফাই করা হয় না।
আশ্চর্যজনকভাবে বটতলা বাজার ও লেক চৌমুহনী বাজারে মূল রাস্তার পাশে আবর্জনা ফেলার উন্মুক্ত জায়গা করে রেখেছে আগরতলা পুর নিগম। এরফলে তীব্র দুর্গন্ধ ছড়ায়। ছড়িয়ে ছিটিয়ে থাকে ময়লা আবর্জনা। এখন বর্ষার মরশুমে তা আরও দুর্বিষহ হয়ে উঠেছে । সব মিলিয়ে বলা যায় স্মার্ট সিটিতে বাজারগুলির বেহাল অবস্থা। এশহরের বিভিন্ন বাজারে চরম দুরাবস্থার শিকার ক্রেতা-বিক্রেতারা। ক্রেতাদের জন্যে নেই ন্যূনতম পরিষেবাটুকু । বাজার সৌন্দর্যায়নে এবং পরিকাঠামো উন্নয়নে তেমন কোনও ব্যবস্থাই নেওয়া হয়য়নি বলে অভিযোগ । আগরতলা পুর নিগম কর্তৃপক্ষ এখন কি পদক্ষেপ নেয় সেটাই দেখার।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
২৭শে জুলাই ২০২৬

