নিজস্ব প্রতিনিধিঃ
২০১৮ সালের ৩১ জুলাই রাজ্যের বর্তমান সরকার অনিয়মিত কর্মচারীদের জন্য একটি কালো অধ্যায় রচনা করে। ওইদিন রাজ্যের অর্থ দপ্তর থেকে এক মেমোরেন্ডাম জারি করে রাজ্যের অনিয়মিত কর্মীদের নিয়মিত হওয়ার স্কিম বাতিল করে দেওয়া হয়। সেই জারি হওয়া মেমোরেন্ডামে উল্লেখ ছিল, বিষয়টি রাজ্য সরকার বিবেচনা করবেন। আর রাজ্যের অনিয়মিত কর্মীরা সেই নির্দেশ দেখে হতবাক হয়ে গিয়েছিলেন। কারণ, রাজ্যের বর্তমান বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে ২০১৮ সালে বিভিন্ন নির্বাচনি সভায় প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় আসতে পারলে ছয় মাসের মধ্যে রাজ্যের সকল অনিয়মিত কর্মীদের নিয়মিত করবে এবং নির্বাচনি প্রতিশ্রুতি ভিশন ডকুমেন্টেও তা তুলে ধরেছিল। তারপর আট বছর পার হয়ে গেলেও নিয়মিতকরণের কোনো স্কিম তৈরি করল না বর্তমান সরকার। আর এই আট বছরের মধ্যে রাজ্যের বিভিন্ন দপ্তরে প্রায় হাজারখানের অনিয়মিত কর্মচারী অবসরে চলে গিয়েছেন এবং কেউবা চাকরিরত অবস্থায় মারা গিয়েছেন।অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ ও অন্যান্য দাবি নিয়ে গত বছর ৪ জুলাই রাজ্যের মুখ্যসচিবের কাছে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের পক্ষ থেকে মহাকরণ অভিযানের মাধ্যমে ডেপুটেশন পেশ করা হয়েছিল। সংগঠনের প্রতিনিধি দলকে মুখ্যসচিব আশ্বস্ত করেছিলেন দাবিগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত সমাধান করার। কিন্তু, তাও এক বছর পার হয়ে গেল, কোন সাড়া পাওয়া যায়নি। ফলে অনিয়মিত কর্মচারী মঞ্চও আবার আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে।রাজ্যের প্রায় ৩৬ হাজার অনিয়মিত কর্মচারী আজ ভবিষ্যৎ অনিশ্চয়তায় দাঁড়িয়ে এবং কোমর ভেঙে পিঠ দেয়ালে ঠেকে গেছে। আর এর পেছনে মূল দায়ী হল ৩১ জুলাই, ২০১৮ সালে জারি হওয়া সেই কালো মেমোরেন্ডাম। সেই কালো মেমোরেন্ডামের প্রতিবাদে রাজ্যের সকল অনিয়মিত কর্মীরা শুক্রবার কালো দিবস হিসেবে পালন করে।এদিন সকল অনিয়মিত কর্মীরা বুকে কালো ব্যাজ ধারণ করে নীরব প্রতিবাদ জানিয়ে ডিউটি করেন। এছাড়া সংগঠনের পক্ষ থেকে রাজ্যের কয়েকটি জায়গায় দুপুরবেলায় টিফিনের সময়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে। সেরকম একটি কর্মসূচি পালিত হয় আগরতলা আইজিএম হাসপাতালে সামনে। যেখানে অনিয়মিত কর্মচারীরা নিয়মিত করনের দাবিতে সোচ্চার হয়। অবিলম্বে রাজ্য সরকার অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করুন সহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান না করলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি রাজ্য জুড়ে শুরু করা হবে তারা হুমকি দেয়।
akb tv news
31.07.2026

