হলুদ খামে জমানো কিছু ধূসর অভিমান
আজ অবেলায় সুর হারিয়েছে পুরনো সেই গান।
অক্ষরে সব শব্দ সাজিয়ে শেষবারের মতো বলি
তোমার পথের সীমানা ছেড়ে আমি আজ অন্য পথে চলি।
কিছুটা ঋণ বাকি ছিল বোধহয়, কিছুটা দীর্ঘশ্বাস
অন্ধকারে একলা প্রদীপ, ভাঙা এক বিশ্বাস।
ডায়েরির ভাঁজে শুকনো গোলাপ এখন মলিন খুব
আবেগের যত উত্তাল নদী আজ দিয়েছে নিঝুম ডুব।
ভুলগুলো সব তোলা থাক স্মৃতির আলমারিতে
সুখগুলো সব ডানা মেলুক তোমার দিনলিপিতে।
ভালো থেকো তুমি নিজের মতো, নিজের রাজপ্রাসাদে
আমি না হয় বিলীন হবো কোনো এক নামহীন অবসাদে।
কাটাকুটি খেলা ফুরিয়ে এলো, রইল না কোনো দাবি
পকেটেই আজ ফেলে রেখে গেলাম হূদয় ঘরের চাবি।
ভালো থেকো প্রিয়— এই শেষ চাওয়া মোর তরে
চিরকুটটা রেখে গেলাম চেনা সেই জানালার স্তরে।
অনিমেষ ঋষি দাস
খোয়াই, ত্রিপুরা
আরশিকথা সাহিত্য বিভাগ
৫ই এপ্রিল ২০২৬

.jpg)
