নিট প্রশ্নপত্র ফাঁস
ইস্যুতে গত বৃহস্পতিবার গভীর রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় ৩ মিনিটের
ভিডিয়ো পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে তিনি নিট-ইউ জি প্রশ্নফাঁস ইস্যুতে
আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বার্তাও দেন। ভিডিয়োটি পোস্ট করার সঙ্গে সঙ্গে
তা ২৪ ঘণ্টার মধ্যেই ভাইরাল হয়ে
যায়। ইনস্টাগ্রামে ৩০৩ মিলিয়নেরও বেশি ভিউজ় হয়। এর সঙ্গে বাড়ে ফলোয়ার্সের
সংখ্যাও। কিন্তু, গত মঙ্গলবারই হঠাৎ খবর আসে, মোদীর সেই ভিডিয়ো ডিলিট হয়ে গিয়েছে।
মেটার দাবি, ভুলবশত এটা হয়েছে। প্রযুক্তিগত ত্রুটির কারণে সাময়িকভাবে ভিডিয়োটি
সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ডিলিট হয়ে গিয়েছিল। সূত্রের খবর, এবার লিখিত আকারে মেটা জানিয়েছে, ভবিষ্যতে
প্রধানমন্ত্রীর পোস্টে বিশেষ সুরক্ষা ব্যবস্থা চালু করা হবে। শুধু তাই নয়,
অন্যান্য গুরুত্বপূর্ণ বা ‘প্রমিনেন্ট’ অ্যাকাউন্টের ক্ষেত্রেও অতিরিক্ত নজরদারির
ব্যবস্থা করা হবে। এক্ষেত্রে সংস্থার তরফে আরও জানানো হয়েছে, আগামী দিনে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্ট সংক্রান্ত কোনও সিদ্ধান্ত শুধুমাত্র মেটার
সিনিয়র আধিকারিকরাই পর্যালোচনা করবেন। কোনও পোস্ট সরানো বা ব্লক করার আগে অন্তত
দু’জন শীর্ষ আধিকারিকের অনুমোদন ও বিস্তারিত পর্যালোচনার মধ্য দিয়ে যেতে হবে।
সূত্রের দাবি, চলতি সপ্তাহেই মেটার প্রতিনিধিরা কেন্দ্র সরকারের সঙ্গে বৈঠকে
বসবেন। সেখানে কনটেন্ট নিয়ন্ত্রণ-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।ভিডিয়ো
ডিলিট হওয়ার পর মেটা এবং ইনস্টাগ্রামের শীর্ষ কর্তাদের তলব করেছিল কেন্দ্র সরকার।
ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক স্পষ্ট জানিয়ে দেয়, মেটার ব্যাখ্যায়
তারা সন্তুষ্ট নয়। এই বিষয়ে মঙ্গলবার তথ্য প্রযুক্তি সচিব এস কৃষ্ণন বলেন,”মেটা
ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে ঠিকই, কিন্তু তাদের ব্যাখ্যা যথেষ্ট নয়। কীভাবে এই
ঘটনা ঘটল এবং ভবিষ্যতে এমন ভুল এড়াতে কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে আরও
বিস্তারিত তথ্য চেয়েছে কেন্দ্র।
akb tv news
30.07.2026
