২রা মে নরসিংগড়স্থিত ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দিরের এমবিবি অডিটোরিয়ামে এ বছরের প্রাক-প্রাথমিক ও প্রাথমিক বিভাগে যে সমস্ত ছাত্র-ছাত্রী নরসিংগড় সহ বড়দোয়ালী, আনন্দনগর শাখায় ভর্তি হয়েছে তাদেরকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেবার জন্য একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূরদর্শন কেন্দ্র, আগরতলা কেন্দ্রের এসিস্ট্যান্ট ডিরেক্টর ( নিউজ) কুনাল সিন্ডে। এছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় বিদ্যাভবন আগরতলা কেন্দ্রের ভাইস চেয়ারম্যান তপন লোধ এবং ভবনস্ বি.টি.সি.টি.ই-এর অধ্যক্ষ ড. রজত দে।
মঙ্গল প্রদীপ প্রজ্জ্বালন ও কুলপতি কে. এম. মুনশিজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিদ্যালয়ের অধ্যক্ষা, প্রধান শিক্ষিকা সহ সম্মানীয় অতিথিবৃন্দ। স্বাগত ভাষণ রাখেন বিদ্যালয়ের অধ্যক্ষা স্বপ্না সোম। তিনি তাঁর ভাষণে ছাত্রছাত্রীদের ব্যক্তিত্ব গঠনে পিতা-মাতা ও শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা ও দায়িত্বের কথা উল্লেখ করেন। তিনি শিক্ষার্থীদের একাডেমিক ও সহপাঠ্য কার্যক্রম—উভয় ক্ষেত্রেই উৎকর্ষ অর্জনের জন্য অনুপ্রাণিত করেন।
তিনি আরও বলেন যে, প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক মনোভাব গড়ে তোলার পাশাপাশি তাদেরকে ভারতের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সচেষ্ট।সম্মানীয় অতিথি কুনাল সিন্ডে তাঁর বক্তব্যে বিদ্যালয়ের শৃঙ্খলাবোধ ও সংস্কারমুখী কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন । তিনি আরো বলেন ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনার পাশাপাশি যেভাবে বিভিন্ন সমাজসেবা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের শামিল হচ্ছে তা সত্যি প্রশংসনীয়।
এই দিন ভবনস্ কলাকেন্দ্র সহ নরসিংগড়, আনন্দনগর, বড়দোয়ালী , লিটল লার্নার্স এবং লেইক চৌমুহনী শাখার ছাত্রছাত্রীরা একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। অনুষ্ঠানের সভাপতি ভারতীয় বিদ্যাভবন , আগরতলা কেন্দ্রের চেয়ারম্যান তথা অবসরপ্রাপ্ত আইএফএস অফিসার দেবাশিস চক্রবর্তী তাঁর ভাষণে নবীন শিক্ষার্থীদের নতুন যাত্রাপথের আন্তরিক শুভেচ্ছা জানান এবং আশা প্রকাশ করেন যে তাদের এই শিক্ষাজীবন আনন্দ, কৌতূহল ও অসীম সম্ভাবনায় ভরপুর হবে, যা তাদের সহানুভূতিশীল ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পম্পি মজুমদার।
ছাত্র-ছাত্রী , অভিভাবক ও শুভানুধ্যায়ীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সমগ্র অনুষ্ঠানটি সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠেছিল।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
৩রা মে ২০২৬

