ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন ছয় দফা দাবিতে আজ শ্রম দপ্তরের আধিকারিক এর কাছে ডেপুটেশন ও স্মারকের প্রদান করেছে। ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের দাবি সনদ গুলির মধ্যে উল্লেখযোগ্য হলোঃ
সংবাদপত্র ও বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়োগপত্র ও বেতনক্রম চালু করতে হবে। দুর্গাপূজার একমাস আগে ন্যূনতম ৮.৩৩ শতাংশ পূজা বোনাস প্রদান নিশ্চিত করতে হবে।
সরকার ঘোষিত পেনশন বৃদ্ধি করে অন্তত মাসে ২৫ হাজার টাকা করতে হবে। এক্ষেত্রে শর্ত সরলীকরণ করে অ্যাক্রেডিটেশন কার্ড পাওয়ার পাঁচ বছর পর ৬০ বছর বয়স পূর্ণ হলে পেনশনের আওতায় আনতে হবে। ইপিএফ ,ই এস আই সহ অন্যান্য সুযোগ-সুবিধা, নিয়োগপত্র, বেতনক্রম ,পূজা বোনাস ইত্যাদি বিষয় নিশ্চিত করতে ত্রিপাক্ষিক বৈঠক আহবান করে নিয়োগকর্তা বা স্বত্বাধিকারীকে বৈঠকে উপস্থিত থাকতে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
তথ্য সংস্কৃতি ,শ্রম দপ্তর সহ অন্যান্য দপ্তরের সরকারি কমিটি গুলিতে সাংবাদিকদের অধিকার নিশ্চিত করার তাগিদে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। ভূমিহীন সাংবাদিকদের ভূমির ব্যবস্থা করতে হবে।
ডেপুটেশন প্রদানকালে প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের সভাপতি বিজয় পাল ,সাধারণ সম্পাদক সুনীল দেবনাথ, সহ-সম্পাদক মেঘধন দেব, অফিস সম্পাদক তন্ময় বনিক, বাদল দাস, সুভাষ ঘোষ প্রমুখ। শ্রম দপ্তরের অধিকর্তা দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশার দিয়েছেন।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
২৫ আগস্ট ২০২৬


