মহিলাদের আত্মনির্ভর করে তোলা, টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে হ্যান্ডলুম ও সেরিকালচারকে কেন্দ্র করে এক গুরুত্বপূর্ণ রিভিউ বৈঠক অনুষ্ঠিত হয় শুক্রবার। আগরতলার গোর্খাস্থিত সেক্রেটারি অফিস প্রাঙ্গনে জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে এই বৈঠকের আয়োজন করা হয় । বৈঠকে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা-সহ দপ্তরের শীর্ষ আধিকারিকরা। আলোচনার মূল বিষয় বস্তু ছিল—কীভাবে হ্যান্ডলুম ও সেরিকালচার শিল্পকে আরও সংগঠিত ও কার্যকরভাবে ব্যবহার করে মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলা যায় এবং নতুন কর্মসংস্থানের পথ তৈরি করা যায়।সূত্রের খবর, বৈঠকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় গ্রামীণ ও জনজাতি অধ্যুষিত এলাকায় বসবাসকারী মহিলাদের প্রশিক্ষণ, উৎপাদন ক্ষমতা বৃদ্ধি, আর্থিক সহায়তা এবং বাজারজাতকরণের সুযোগ সম্প্রসারণের উপর। দপ্তরের আধিকারিকদের সঙ্গে বিস্তারিত মতবিনিময়ের মাধ্যমে এই দুই ঐতিহ্যবাহী শিল্পকে আধুনিক ব্যবস্থাপনায় কীভাবে যুক্ত করা যায়, তা নিয়েও আলোচনা হয় বৈঠকে।বৈঠক শেষে মন্ত্রী বিকাশ দেববর্মা জানান, “হ্যান্ডলুম এবং সেরিকালচারকে কেন্দ্র করে মহিলাদের আত্মনির্ভর করার একটি সুপরিকল্পিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই রিভিউ বৈঠকে সেই পরিকল্পনার বাস্তবায়ন প্রক্রিয়া এবং ভবিষ্যৎ রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে একদিকে যেমন মহিলাদের আর্থিক ক্ষমতায়ন সম্ভব হবে, তেমনই রাজ্যের ঐতিহ্যবাহী শিল্পগুলিও নতুন প্রাণ ফিরে পাবে বলে তিনি জানান।
akb tv news
06.02.2026

