নিজস্ব প্রতিনিধিঃ
আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে ধলাই জেলার লংতরাইভ্যালিতে বিজেপির মনোনয়ন জমা দেওয়ার আগে আয়োজিত র্যা লিতে জনজাতি মানুষের ব্যাপক সাড়া মিলেছে। এদিন বিজেপি প্রার্থীরা বিপিন দেববর্মা (দামছড়া-কচুচেরা), সুকেশ দত্ত বড়ুয়া (মনু-ছৈলেংটা) এবং এসমেল জয় ত্রিপুরা (ছাওমানু)—লংতরাইভ্যালির মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন জমার আগে আয়োজিত বিশাল র্যা লিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা। এতে জনজাতি মানুষের বিপুল অংশগ্রহণ দলের প্রতি তাদের আস্থা আরও দৃঢ় হয়েছে বলেই দাবি করেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। তারা বলেন, এডিসির সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতিই মানুষের মধ্যে ইতিবাচক সাড়া তৈরি করেছে। অন্যদিকে, তিপরা মথা পরিচালিত এডিসি প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিজেপি দাবি করেছে, উন্নয়নমূলক কাজ উপেক্ষিত হয়েছে, যার ফলে অনেক জনজাতি বাসিন্দা হতাশ। ইতিমধ্যেই তিপ্রা মথার একাধিক নেতা বিজেপিতে যোগ দেওয়ায় রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী বলেন জনগণের মধ্যে একটা বিরাট উৎসাহ দেখা যাচ্ছে । তিনি পরিষ্কার জানান এ ডি সি তে এবার বিজেপি সরকার গঠন করবে।
akb tv news
25.03.2026

