নিজস্ব প্রতিনিধি,
রাত পোহালেই ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচনকে ঘিরে চূড়ান্ত প্রস্তুতি চলছে ভোট কর্মীদের মধ্যে। শনিবার তেলিয়ামুড়া মহকুমা শাসক তথা ১১ তেলিয়ামুড়া মহারানীপুর এ.ডি.সি আসনের রিটার্নিং অফিসারের কার্যালয়ে এমনটাই চিত্র পরিলক্ষিত হয়। তবে একদিকে যেমন ভোট কর্মীরা নিজেদের ভোট গ্রহণের কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী গুলো নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার প্রস্তুতিতে মগ্ন, সেই জায়গায় দাঁড়িয়ে অজ্ঞাত কারণে রিটার্নিং অফিসার অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী এই নির্বাচন সংক্রান্ত কোন প্রকারের তথ্য সংবাদ মাধ্যমের সামনে উচ্চারণ করতে অক্ষমতা প্রকাশ করেছেন। সাংবাদিকরা বার বার রিটার্নিং অফিসার'কে অনুরোধ করে জানতে চাইলেও মোট ভোটার কতো, কতগুলো পোলিং স্টেশন রয়েছে বা কি কি ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে? এই বিষয় গুলো নিয়ে বিনয়ের সাথেই মহকুমা শাসক'কে বলতে শোনা যায় এই ব্যাপারে তিনি মুখে কিছু বলতে পারবেন না। তবে তিনি সাংবাদিকদের লিখিত নথিপত্র দেখিয়ে বলেছেন এখান থেকে তথ্য জেনে নিতে। মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসারের এই অক্ষমতা নিয়ে ইতিমধ্যেই কিছু প্রশ্ন ওঠা শুরু হয়েছে। প্রসঙ্গত, ১১ তেলিয়ামুড়া মহারানীপুর এডিসি আসনের মোট ভোটার সংখ্যা ৩১৭৬৭ জন, যেখানে পুরুষ ভোটার ১৫৮০০, মহিলা ভোটারের সংখ্যা ১৫৯৬৭ জন। সব মিলিয়ে মোট ৪৮টি বুথ সেন্টার রয়েছে। এই ভোট গ্রহণ কেন্দ্র গুলোতে পৌঁছানোর জন্য সকাল থেকেই বিভিন্ন স্তরের ভোট কর্মীদের চূড়ান্ত ব্যাস্ততা পরিলক্ষিত হয়েছে রিটার্নিং অফিসারের কার্যালয় চত্বরে।
akb tv news
11.04.2026

