নিজস্ব প্রতিনিধিঃ
বহু তুলকালামের পর অবশেষে বিরাট স্বস্তি টিভিকে
শিবিরে। তামিলনাড়ুতে আস্থা ভোটে জয়ী নয়া মুখ্যমন্ত্রী থলাপতি বিজয়। বুধবার সবমিলিয়ে
তাঁর পক্ষে ভোট পড়েছে মোট ১৪৪টি। বিজয়কে সমর্থন করেছেন জয়ললিতার দল এডিএমকে-র
‘বিদ্রোহী’ ২৫ জন বিধায়ক। তবে ভোটদান থেকে বিরত থেকেছেন চার পিএমকে বিধায়ক এবং একজন বিজেপির বিধায়ক। কিন্তু আস্থা ভোটে অংশ নেয়নি এম কে স্ট্যালিনের দল ডিএমকে। ২৩৪
আসন বিশিষ্ট তামিলনাড়ু বিধানসভায় সংখ্যা গরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৮টি আসন।
কিন্তু কোনও দল বা জোটই তা ছুঁতে পারেনি। বিধানসভা ভোটে একক বৃহত্তম দল হিসাবে
আত্মপ্রকাশ করলেও জাদু সংখ্যা থেকে বেশ কিছুটা দূরে ছিল বিজয়ের দল টিভিকে।
বিধানসভা নির্বাচনে বিজয়ের দলের প্রাপ্ত আসন সংখ্যা ১০৮। এদিকে বিজয় দু’টি আসনে
জয়ী হওয়ায় তাদের বিধায়ক সংখ্যা ১০৭। এই পরিস্থিতিতে কংগ্রেসের পাঁচ বিধায়ক সমর্থন
করে টিভিকে-কে। শুধু তা-ই নয়, দুই বাম দলের চার বিধায়কও বিজয়ের পাশে এসে দাঁড়ান।
পরে ভিসিকে, মুসলিগ লিগের সমর্থনে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন বিজয়। তাঁর পক্ষে
ছিলেন মোট ১২০ জন বিধায়ক, যা মোটেই স্বস্তিদায়ক নয়। যে কোনও মুহূর্তে পড়ে যেতে
পারে সরকার। এই পরিস্থিতিতে বুধবার বিধানসভায়
আস্থাভোটে শক্তি পরীক্ষায় নামেন বিজয়। তাৎপর্যপূর্ণ বিষয় হল এডিএমকে প্রধান ই
পালানিস্বামীর একাধিকবার বারণ সত্ত্বেও বুধবার আস্থা ভোটে বিজয়কে সমর্থন করেছেন
তাঁর দলের ২৫ জন বিধায়ক। এরফলে আড়াআড়ি ভাবে ভেঙে গেল এডিএমকে। মঙ্গলবারই সূত্র
মারফত জানা গিয়েছিল, এডিএমকের কমপক্ষে ৩০ জন বিধায়ক বিজয়কে সমর্থন করতে ইচ্ছুক।
akb tv news
13.05.2026

