নিজস্ব প্রতিনিধিঃ
আগরতলা শহরের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও নাগরিক সমস্যার সমাধানে নিয়মিত এলাকা ভিত্তিক পরিদর্শন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। বৃহস্পতিবার তিনি ৩৫ ও ৩৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করে চলমান উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখেন।৩৫ নম্বর ওয়ার্ডের বর্ডার এলাকায় ড্রেন নির্মাণে পানীয় জলের পাইপলাইন সংক্রান্ত সমস্যার কারণে কাজ ব্যাহত হচ্ছিল। পরিদর্শনকালে মেয়র সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের উদ্যোগ নেন। এই সময় তাঁর সঙ্গে ছিলেন পুর নিগমের কমিশনার সাজু ওয়াহিদ, কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, কর্পোরেটর নিতু গুহ দে-সহ অন্যান্যরা।পরবর্তীতে মেয়র ৩৭ নম্বর ওয়ার্ডের দশমীঘাট সংলগ্ন হাওড়া নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করেন। নদীভাঙনের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া বাড়িঘর রক্ষায় এবং এলাকাটির সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে নদীর পাড়ে একটি স্থায়ী ও উঁচু প্রতিরক্ষা ওয়াল নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়াল নির্মাণের পর সেখানে বিভিন্ন তৈলচিত্র অঙ্কনের পরিকল্পনাও রয়েছে, যা দশমীঘাট এলাকার সৌন্দর্য আরও বাড়াবে।মেয়র জানান, এই কাজটি হাওড়া রিভার ফ্রন্ট ডেভেলাপমেন্ট প্রকল্পের অন্তর্ভুক্ত এবং আগামী তিন মাসের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে। তিনি আরও জানান, স্টিল ব্রিজ থেকে দশমীঘাট পর্যন্ত রিভার ফ্রন্ট উন্নয়ন প্রকল্পের প্রায় ৯৫ থেকে ৯৬ শতাংশ কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। খুব শীঘ্রই মুখ্যমন্ত্রীর হাত ধরে এই প্রকল্পের উদ্বোধন করা হবে।প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে ২০২১ সালে শুরু হওয়া আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের এই প্রকল্পের আওতায় স্টিল ব্রিজ থেকে দশমীঘাট পর্যন্ত প্রায় ২ কিলোমিটার এলাকাজুড়ে সৌন্দর্যায়নের কাজ চলছে। প্রকল্পে ক্যাফেটেরিয়া, শিশুদের খেলার স্থান, হাঁটার পথসহ বিভিন্ন আধুনিক পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। প্রকল্পটি সম্পূর্ণ হলে হাওড়া নদীর তীর একটি পরিবেশবান্ধব, নান্দনিক ও পর্যটনবান্ধব এলাকায় পরিণত হবে এবং আগরতলাবাসী নতুন বিনোদন ও সামাজিক পরিকাঠামোর সুবিধা উপভোগ করতে পারবেন।হাওড়া নদীর অববাহিকা পরিদর্শনকালে মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়িকা মীনারানি সরকার, কর্পোরেটর বাপি দাস, পুরো নিগমের কমিশনার সাজু ওয়াহিদ-সহ অন্যান্যরা।
akb tv news
25.06.2026

