নিজস্ব প্রতিনিধি,
দেশের সুপ্রিম কোর্টে চলল চূড়ান্ত নাটক।l সরাসরি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তকেই গালিগালাজ করলেন এক ব্যক্তি। কোর্ট রুমে ছু়ড়ে ফেললেন কাগজ। শেষে বাধ্য হয়ে নিরাপত্তা রক্ষীরা ওই ব্যক্তিকে জোর করে শীর্ষ আদালত থেকে বের করে দেন। শুক্রবার সকাল ১১টা নাগাদ সুপ্রিম কোর্টে এই ঘটনা ঘটে। প্রবাল প্রতাপ নামে এক পিটিশনার সুপ্রিম কোর্টের বেঞ্চের সামনে হাজির হন। নিজেকে ‘সার্বভৌম’ হিসাবে ঘোষণা করেন এবং বিচারপতিদের ‘বিচার ব্যবস্থার দাস’ উল্লেখ করেন। ওই ব্যক্তি বলেন, “”মিস্টার জুডিশিয়াল সার্ভেন্ট, আমি আপনাকে নির্দেশ দিচ্ছি, লখনউয়ের এএসপি-র বিরুদ্ধে সাইবার অপরাধের একটি চক্র (সিন্ডিকেট) পরিচালনার অভিযোগে একটি এফআইআর নথিভুক্ত করার নির্দেশ দিন।”এই কথা শুনে বিচারপতি কেভি বিশ্বনাথন ও বিচারপতি অলোক আরাধের বেঞ্চ অবাক হয়ে যায়। বিচারপতি কেভি বিশ্বনাথন বিস্মিত হয়ে বলেন, “আপনি আমায় অর্ডার করছেন? আমাদের নির্দেশ দিচ্ছেন?”এখানেই থামেননি পিটিশনার। এরপর তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম করে গালিগালাজ করতে থাকেন, হাওয়ায় কাগজ ছুড়ে মারেন। এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে আদালতের নিরাপত্তা রক্ষীরা ছুটে আসেন এবং ওই ব্যক্তিকে ধরে নিয়ে আদালত থেকে বের করে দেন। ডিএসপির অফিসে বেশ কিছুক্ষণ আটকে রাখা হয়েছিল ওই ব্যক্তিকে।
akb tv news
10.07.2026

