রাজ্যসভার তিন আসনে উপনির্বাচনের দিন ঘোষণা
করেছে দেশের নির্বাচন কমিশন। তৃণমূলে চলা বিদ্রোহের আবহেই রাজ্যসভা থেকে ইস্তফা দেন
সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী,
আগামী ২৪শে জুলাই ফাঁকা এই তিন আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার নির্বাচন কমিশনের
তরফে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ
বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই তাসের ঘরের মত ভেঙে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের
তৃণমূল কংগ্রেস। বিধানসভায় বিধায়কদের বিদ্রোহের পর লোকসভাতেও একজোট হন বিক্ষুব্ধ সাংসদরা।
একেবারে জোট বেঁধে একের পর এক তৃণমূল সাংসদ বিজেপি নেতৃত্বাধীন এনডিএ’তে শামিল হওয়ার
কথা জানান। দলত্যাগ বিরোধী আইন এড়াতে পরে যোগ দেন ন্যাশনাল সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া
নামে একটি রাজনৈতিক দলে। এরমধ্যেই ধস নামে রাজ্যসভায়। সাংসদ পথ থেকে ইস্তফা দেন তৃণমূলের
দীর্ঘদিনের বর্ষীয়ান নেতা সুখেন্দুশেখর রায়। ২০২৯ সাল পর্যন্ত তাঁর মেয়াদ ছিল। কিন্তু
দলের বিরুদ্ধে একের পর এক তোপ দেগে গত ৮ই জুন সাংসদ পদ থেকে ইস্তফা দেন সুখেন্দুশেখর। শুধু তাই নয়, ইস্তফা দেন
সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক। দু’জনেরই ২০৩০ এবং ২০২৯ সাল পর্যন্ত মেয়াদ ছিল।
শুধু ইস্তফা নয়, দল ছাড়ার ঘোষণাও করেন। এদিকে পর পর তিনজনের পদত্যাগে রাজ্যসভার তিন
আসন ফাঁকা ছিল। জল্পনা ছিল, খুব শীঘ্রই হয়তো নির্বাচনের দিন ঘোষণা করা হতে পারে।
এরমধ্যেই সোমবার তিন আসনে উপনির্বাচনের দিন ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন
কমিশন। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৪ই জুলাই মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। ১৫ই জুলাই স্ক্রুটিনি এবং ১৭ জুলাই
মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ। ভোট হবে আগামী
২৪শে জুলাই।এদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ভোটগ্রহণ হবে। তারপর ওই দিনই বিকেল ৫টা থেকে শুরু হবে গণনা। নির্বাচন
কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৭শে জুলাইয়ের মধ্যে নির্বাচন সংক্রান্ত পুরো প্রক্রিয়া
শেষ করতে হবে।
akb tv news
06.07.2026

