ছেলের মৃত্যুতে মায়ের দুঃখ নেই ! সে যে কাজ করেছে তার এমনটাই হওয়া দরকার। তার মৃতদেহ পর্যন্ত কেউ দেখতে যাবে না। মায়ের কথা না শুনলে এমনটাই হবে। বক্তব্য এনকাউন্টারে নিহত বারুইপুর নির্যাতন ও খুনের অভিযুক্ত প্রভাস মণ্ডলের মায়ের। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ১২ বছরের এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় পুলিশি হেফাজত থেকে পালানোর চেষ্টা করার সময় পুলিশের এনকাউন্টারে মৃত্যু হলো মামলার প্রথম গ্রেফতার হওয়া মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের। বুধবার ভোরে এই ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, ধৃত অভিযুক্ত এক পুলিশ কর্মীর সার্ভিস রাইফেল কেড়ে নিয়ে পালানোর চেষ্টা করার সময় পুলিশের পাল্টা গুলিতে নিহত হয়। পশ্চিমবঙ্গ পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পুনর্নির্মাণের জন্য অভিযুক্ত প্রভাসকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে আচমকাই সে নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ কর্মীর সার্ভিস রাইফেল ছিনিয়ে নিয়ে অন্ধকারের সুযোগে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করলে, প্রভাস ছিনিয়ে নেওয়া রাইফেল থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। আত্মরক্ষার্থে এবং তাকে রুখতে পুলিশও পাল্টা গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় প্রভাসকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রসঙ্গত গত রবিবার সকালে বারুইপুরের সূর্যপুর এলাকার একটি পুকুর থেকে ওই ১২ বছরের নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়। অভিযোগ, তাকে নৃশংসভাবে ধর্ষণ করার পর খুন করা হয়েছে।
akb tv news
08.07.2026

