শিক্ষা ও সমাজসেবায় দীর্ঘদিনের অসামান্য অবদানের জন্য 'বিধান শিশু উদ্যান - মেধা অন্বেষা'-র আহ্বায়ক এবং শিক্ষাব্রতী শ্রী মনোজ রায় জাতীয় স্তরের দুটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগদানের জন্য আমন্ত্রিত হয়েছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রথম আমন্ত্রণটি এসেছে ‘ইন্টেলেকচুয়াল কনসোর্টিয়াম ফর পলিসি স্টাডিজ’ (ICPS) এবং নয়াদিল্লির ‘ড. আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টার’ (DAIC)-এর যৌথ উদ্যোগে আয়োজিত জাতীয় হাইব্রিড কনফারেন্স থেকে। আগামী ২৯ জুলাই ২০২৬ তারিখে নয়াদিল্লির ড. আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টারে "Artificial Intelligence and Social Transformation: Building an Inclusive Nation" শীর্ষক এই গুরুত্বপূর্ণ জাতীয় সম্মেলনটি অনুষ্ঠিত হতে চলেছে। শিক্ষা, নীতি নির্ধারণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI)-এর সামাজিক প্রয়োগ নিয়ে এই সম্মেলনে দেশজুড়ে বিশিষ্ট ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হয়েছে।
পাশাপাশি, একই দিনে অর্থাৎ ২৯ জুলাই ২০২৬ তারিখে নয়াদিল্লির আইটিও-র (ITO) হান্স ভবনে আয়োজিত 'ওয়েল ইন্ডিয়া' (Well India)-র দ্বাদশ বার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানেও যোগদানের জন্য বিশেষ আমন্ত্রণপত্র পেয়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষক মনোজ রায়। প্রতিষ্ঠানটির দীর্ঘ ১২ বছরের এই বিশেষ মাইলফলক উদ্যাপনে দেশের বিভিন্ন প্রান্তের বিশিষ্টজনদের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও মর্যাদাপূর্ণ করে তুলবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে।
ত্রিপুরা রাজ্যের একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও সমাজকর্মী হিসেবে মনোজ রায়ের এই স্বীকৃতি সমগ্র রাজ্যের জন্যই গৌরবের বিষয়। এই সম্মানজনক আমন্ত্রণ রাজ্যের শিক্ষক সমাজকে অনুপ্রেরণা যোগাবে ও নতুন দিশা দেখাবে বলে বিশিষ্টজনেরা মত প্রকাশ করেছেন।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
২৭শে জুলাই, ২০২৬




