নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর
হকার্স কর্নার সংলগ্ন খোশবাগান কালি মন্দিরে চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।পশ্চিম
থানার নাকের ডগায় ঘটে এই ঘটনা। বৃহস্পতিবার রাতের অন্ধকারে মন্দিরে ঢুকে চোরেরা প্রণামী
বাক্স ভেঙে নগদ টাকা নিয়ে যাওয়ার পাশাপাশি মন্দিরে থাকা মূল্যবান সামগ্রীও হাতিয়ে
নিয়ে যায়। শুক্রবার সকালে মন্দিরে এসে বিষয়টি প্রথম নজরে পড়ে পুরোহিতের। দেখা যায়, প্রণামী বাক্সটি ভাঙা অবস্থায়
পড়ে রয়েছে এবং মন্দিরের বিভিন্ন জায়গায় জিনিসপত্র ছড়িয়ে- ছিটিয়ে রয়েছে। বিষয়টি
জানাজানি হতেই ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পশ্চিম থানায়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা এবং থানার
এত কাছে এমন চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাঁদের প্রশ্ন, পশ্চিম থানার
মাত্র ১০০ মিটারের মধ্যে যদি মন্দিরে চুরি হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কতটা
সুরক্ষিত? ঘটনার পর এলাকায় আতঙ্কের পাশাপাশি চোরদের দ্রুত গ্রেপ্তারের দাবি উঠেছে।
পুলিশ আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করছে।
akb tv news
21.08.2026

