নিজস্ব প্রতিনিধিঃ
বিদ্যুৎ মাশুল বৃদ্ধি ও সরকারের ঘোষিত ভর্তুকি নিয়ে রাজ্য সরকারের অবস্থানকে
প্রশ্নের মুখে দাঁড় করালেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। তাঁর দাবি, বিদ্যুৎ
মাশুল নিয়ে সরকারের ঘোষণা এবং পূর্বের অবস্থানের মধ্যে অসঙ্গতি রয়েছে। শুক্রবার সংবাদ
মাধ্যমের মুখোমুখি হয়ে আশীষ কুমার সাহা বলেন, কিছুদিন আগেও বিদ্যুৎ মন্ত্রী দাবি করেছিলেন,
বিদ্যুতের মাশুল বৃদ্ধি বা নতুন চার্জ আরোপের বিষয়টি রেগুলেটরি কমিশনের আওতাধীন এবং
এক্ষেত্রে বিদ্যুৎ দপ্তরের কোনও ভূমিকা নেই। তাঁর অভিযোগ, এর মাধ্যমে বিদ্যুৎ দপ্তর
ও সরকার দায়িত্ব এড়িয়ে গিয়েছিল।প্রদেশ কংগ্রেস সভাপতির বক্তব্য, বর্তমানে বিদ্যুৎ মাশুল
বৃদ্ধি নিয়ে রাজ্যজুড়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে এবং বিষয়টি গণ আন্দোলনের
রূপ নিয়েছে। কংগ্রেস গত কয়েক মাস ধরে এই ইস্যুতে সরকারের কাছে অবস্থান স্পষ্ট করার
দাবি জানিয়ে আসছে বলেও জানান তিনি। তিনি অভিযোগ করে বলেন, পরিস্থিতি বুঝতে পেরে সরকার
এখন ভর্তুকির নামে ১০০ কোটি টাকা বহনের ঘোষণা
করেছে। তাঁর প্রশ্ন, সাধারণ মানুষের কাছ থেকে বাড়তি মাশুলের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ
নেওয়ার পর এখন ভর্তুকির ঘোষণা কেন? একই সঙ্গে এই ঘোষণাকে কেন্দ্র করে শাসক দলের তরফে
ধন্যবাদ জ্ঞাপন কর্মসূচি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
akb tv news
22.08.2026

