নিজস্ব প্রতিনিধিঃ
জন্মাষ্টমী উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সামাজিক মাধ্যমে শুভেচ্ছাবার্তায় তিনি কামনা করেন, ভগবান শ্রীকৃষ্ণের আরাধনায় উৎসর্গীকৃত এই পবিত্র উৎসব সকলের জীবনে ইতিবাচক শক্তি, সাহস ও সমৃদ্ধি নিয়ে আসুক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভগবান শ্রীকৃষ্ণের দিব্য বাণীর মধ্যে নিঃস্বার্থ কর্মের যে গভীর অনুপ্রেরণা রয়েছে, তা যুগ যুগ ধরে মানবতাকে পথ দেখিয়ে আসছে। জন্মাষ্টমীর এই পবিত্র দিনে ভক্তি ও আরাধনার মাধ্যমে মানুষের জীবনে নতুন উদ্যম ও শক্তি সঞ্চারিত হোক, এটাই তাঁর প্রার্থনা। সামাজিক মাধ্যম - এ এক বার্তায় প্রধানমন্ত্রী লেখেন, “আপনাদের সকলকে হৃদয় থেকে জন্মাষ্টমীর শুভেচ্ছা। ভগবান শ্রীকৃষ্ণের দিব্য বাণীতে নিঃস্বার্থ কর্মের গভীর অনুপ্রেরণা নিহিত রয়েছে, যা মানবতাকে নিরন্তর পথ দেখিয়ে চলেছে। তাঁর ভক্তি ও আরাধনায় উৎসর্গীকৃত এই পবিত্র উৎসব সকলের জীবনে ইতিবাচক শক্তি ও সাহস সঞ্চার করুক, এটাই আমার আন্তরিক কামনা। জয় শ্রীকৃষ্ণ।” এদিন দেশজুড়ে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, যা গোকুলাষ্টমী নামেও পরিচিত। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, দ্বাপর যুগে মথুরায় মধ্যরাতে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। সেই স্মরণে প্রতি বছর ভক্তি ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালিত হয়। এই উপলক্ষে ভক্তরা উপবাস, প্রার্থনা, ভজন-কীর্তন, মন্দিরে পুজো এবং মধ্যরাতে শ্রীকৃষ্ণের জন্মোৎসবে অংশ নেন। মথুরা ও বৃন্দাবনে জন্মাষ্টমীর বিশেষ আয়োজন হলেও দেশের বিভিন্ন প্রান্তে বাড়ি ও মন্দিরে উৎসবের আবহ তৈরি হয়। শ্রীকৃষ্ণের মূর্তি সাজানো, বিভিন্ন ভোগ নিবেদন এবং বিশেষ পূজার্চনার পাশাপাশি পালিত হয় নানা ধর্মীয় অনুষ্ঠান।
akb tv news
04.09.2026
ছবি - নেট থেকে সংগৃহীত l

