নিজস্ব প্রতিনিধিঃ
কিছু হলেই রেল বা জাতীয় সড়ক অবরোধ,এই সংস্কৃতি কোনও ভাবেই মেনে নেওয়া যায়
না। যখন আগে থেকেই ৭২ ঘণ্টা জাতীয় সড়ক ও রেল অবরোধের ঘোষণা দেওয়া হয়েছিল, তখন প্রশাসনের
উচিত ছিল বিষয়টি গুরুত্ব দিয়ে মোকাবিলা করা। এর ফলে মুমূর্ষু রোগী থেকে শুরু করে জরুরি
কাজে যাতায়াতকারী মানুষ, সবাই সমস্যায় পড়ছেন।' প্রাক্তন জঙ্গিদের অবরোধ আন্দোলন প্রসঙ্গে
শনিবার এভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। তিনি বলেন, আত্মসমর্পণের সময় নির্দিষ্ট নিয়মাবলি
ছিল। কতজন আত্মসমর্পণ করেছেন, কতগুলি অস্ত্র জমা দেওয়া হয়েছে এবং কতগুলি মামলা রয়েছে,
সেই সংক্রান্ত সঠিক তথ্যের ভিত্তিতেই পুনর্বাসন প্যাকেজ দেওয়া উচিত। হাজার হাজার নাম
নথিভুক্ত করে শুধুমাত্র সুবিধাভোগী নির্বাচন করা হলে তার একটি নির্দিষ্ট ভিত্তি থাকা
প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। বিধায়কের বক্তব্য, যারা সত্যিই উগ্রবাদী জীবন ছেড়ে
স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন, তাঁদের বৈধ দাবিগুলি কেন্দ্র ও রাজ্য সরকারের বিবেচনা
করা উচিত। কিন্তু অস্ত্র সমর্পণ বা সংশ্লিষ্ট কোনও অভিযোগের ভিত্তি নেই, এমন ভুয়া বা
কাল্পনিক নামের মাধ্যমে কেন্দ্র সরকারের কাছ থেকে অর্থ এনে পুনর্বাসনের চেষ্টা হলে
তা সঠিক হবে না। এদিন প্রশাসনের ভূমিকা প্রসঙ্গে সুদীপ বলেন, জেলা শাসক ও পুলিশ সুপার
আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেছিলেন। সেই আলোচনার পর অবরোধ প্রত্যাহার হতে পারে বলে
আশা করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। মানুষকে কেন হয়রানি না করে আপনারা আমরণ
অনশন করুন। আপনারা কষ্টটা আপনাদের শারীরিকভাবে নিজেদের ওপর নিন, মানুষকে অযথা কষ্ট
দেবেন না বলে তিনি আত্মসমর্পণকারী প্রাক্তন জঙ্গিদের উদ্দেশ্যে পরামর্শ দেন।
Akb tv news
05.09.2026.

