নিজস্ব প্রতিনিধিঃ
চাকরির দাবিতে টানা সকাল থেকে রাত পর্যন্ত রাস্তায় বসে আন্দোলন করছেন টেট -১ পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবক-যুবতীরা। তাঁদের এই আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, চাকরিপ্রার্থীদের দাবি ন্যায্য এবং তাঁদের আন্দোলনের প্রতি তাঁর সমর্থন রয়েছে। একই সঙ্গে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসে তাঁদের সমস্যার সমাধানে উদ্যোগী হওয়ার জন্য মুখ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি। বর্ষীয়ান বাম নেতৃত্ব মানিক সরকার বলেন, “আমি তাঁদের আন্দোলনকে মন থেকে সমর্থন করছি। হয়তো সবাইকে একসঙ্গে চাকরি দেওয়া সম্ভব হবে না। কিন্তু মুখ্যমন্ত্রী তাঁদের সঙ্গে কথা বলবেন না কেন?” তিনি আরও বলেন, আন্দোলনকারীদের একটি বড় অংশের চাকরি শিক্ষা দফতরের সঙ্গে সম্পর্কিত। মুখ্যমন্ত্রী নিজেই এই দফতরের দায়িত্বে রয়েছেন। তাই চাকরিপ্রার্থীদের সঙ্গে আলোচনা করে তাঁদের সমস্যার সমাধানের পথ খুঁজে বের করা উচিত। প্রাক্তন মুখ্যমন্ত্রীর মতে, চাকরিপ্রার্থীদের এভাবে উপেক্ষা ও অবহেলা করা অনৈতিক এবং অমানবিক। তিনি বলেন, নিজেদের দাবি আদায়ের জন্য চাকরিপ্রার্থীরা যেভাবে রাত জেগে রাস্তায় বসে আন্দোলন করতে বাধ্য হচ্ছেন, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এ ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার পিছনে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তিনি আরও বলেন, চাকরিপ্রার্থীদের আন্দোলনকে অবহেলা না করে সরকারকে তাঁদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে। আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে মুখ্যমন্ত্রীর আলোচনায় বসা উচিত। পাশাপাশি, তাঁদের যোগ্যতা ও মেধার ভিত্তিতে চাকরি পাওয়ার ক্ষেত্রে সরকারের তরফে সদর্থক উদ্যোগ গ্রহণেরও দাবি জানান তিনি। টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের দীর্ঘক্ষণ ধরে চলা আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
Akb tv news
16.10.2026.

