নিজস্ব প্রতিনিধিঃ
এসআইআর নিয়ে নয়া বিতর্ক। বাড়ি বাড়ি যাচ্ছে পুলিশ। এসআইআর-এ নাম বাদ যাওয়া ব্যক্তিদের তথ্য সংগ্রহ করছে তারা। কিন্তু কার অনুমতিতে? এই নিয়েই জোর বিতর্ক। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়। যদিও সুপ্রিম কোর্ট বিষয়টি নিয়ে দ্রুত শুনানি করতে রাজি হয়নি।এসআইআর ট্রাইব্যুনালে যাঁরা এখনও বিচারাধীন রয়েছেন, তাঁদের নথি-তথ্য সংগ্রহ করছে পুলিশ। আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণের অভিযোগ, নির্বাচন কমিশনের অনুমতি ছাড়াই তথ্য সংগ্রহ করছে পুলিশ। বাংলার হাওড়া থেকে শুরু করে কালনা, ধূপগুড়ি- একাধিক জেলাতেই পুলিশ তথ্য সংগ্রহ করছে। অন্যদিকে, আইনজীবী প্রশান্ত ভূষণের দাবি, পুরভোটের আগে যদি বিচারাধীনদের নিষ্পত্তি না হয়, তাহলে তাদের ভোটের অধিকার ফেরানো হোক। তবে রাজ্যের এসআইআর মামলায় পুলিশের নথি যাচাই সংক্রান্ত বিষয়ে আপাতত হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। তৃণমূলের আবেদন এখনই শুনতে নারাজ শীর্ষ আদালত। আজ, শুক্রবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ জানায়, ওই বিষয়ে এখনই কোনও হস্তক্ষেপ করা হবে না। মামলাকারী চাইলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন। এই ঘটনা নিয়ে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ বলেন, “আমরা চাই বৈধ ভোটারদের যাতে নাম বাদ না যায়। পুলিশ নামে এই নয় তো যে যারা বৈধ ভোটার, তাদের উপরে চাপ তৈরি করা হচ্ছে। পুলিশ পাঠানো হচ্ছে, পুলিশ পাঠানো হবে কেন? এই কাজটা কি নির্বাচন কমিশন পুলিশকে করতে দিয়েছে? পুলিশ কেন বাড়ি বাড়ি গিয়ে ডকুমেন্ট চাইছে? কমিশন বলুক যে পুলিশকে দিয়ে তারা ডকুমেন্ট চাইতে পাঠিয়েছে কি না? ইয়েস অর নো? এটা তো ইলেকশন কমিশনকে বলতে হবে, তারা বলছে না। বাড়িতে যদি পুলিশ যায়, চাপ তৈরি করে, এটা তো মানা যায় না।” অন্যদিকে সিপিআইএম নেতা মহম্মদ সেলিম বলেন, “আজ সকাল থেকে জানতে পারছি যে থানা থেকে পুলিশ যাচ্ছে, যাদের ট্রাইব্যুনালে নাম আটকে ছিল, তাদের ডকুমেন্ট দেখতে চাইছে। পুলিশের কোনও এক্তিয়ার নেই। কে ভোটার হবে, কে ভোটার হবে না, তা পুলিশের দেখার বিষয় নয়।
27.11.2026.
ছবি-নেট থেকে সংগৃহীত।

