নিজস্ব প্রতিনিধি,
ফের এক বৃদ্ধার রক্তে রাঙা হল উদয়পুরের রাজপথ। হৃদয় বিদারক এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে রবিবার উদয়পুরের তালতলা এলাকায়। নিহত বৃদ্ধার নাম রেনুকা পাল, বয়স ৮৫ বছর। খিলপাড়া বাজার থেকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনে বাড়ির পথে ফিরছিলেন তিনি। কিন্তু আর বাড়ি ফেরাটাই আর হল না।প্রত্যক্ষদর্শীদের কথায়, আচমকা দ্রুতগতিতে আসা একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে রেনু বালা পালকে। মুহূর্তের মধ্যেই তিনি রাস্তায় ছিটকে পড়েন। রাস্তায় পড়ে নিথর হয়ে যেতে দেখা যায় তাঁকে। তা দেখে চারদিক থেকে ছুটে আসেন এলাকাবাসী l খবর পেয়ে উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যান। কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাস—হাসপাতালে পৌঁছানোর আগেই নিভে যায় তাঁর জীবন দীপ। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।এই দুর্ঘটনায় অভিযুক্ত বাইক আরোহীর নাম জুটন দাস, বয়স আনুমানিক ১৮ বছর। জানা গেছে, দুর্ঘটনার পর তাকে আটক করেছে কাকরাবন থানার পুলিশ। দ্রুতগতি ও অসাবধানতাই এই মৃত্যুর প্রধান কারণ বলে মনে করছেন স্থানীয়রা।এক মুহূর্তের বেপরোয়া গতিতে চিরতরে থেমে গেল একটি জীবনের গল্প।
akb tv news
28.12.2025

