ত্রিপুরা তথা উত্তরপূর্বের গল্পচর্চায় অন্যতম নাম ‘গল্পের জন্য'র উদ্যোগে বার্ষিক অনুষ্ঠান ‘গল্প সন্ধ্যা’ অনুষ্ঠিত হয় ২১ ডিসেম্বর, ত্রিপুরা রবীন্দ্র পরিষদের দক্ষিণী গৃহে। অনুষ্ঠানের শুরুতে শোক জ্ঞাপন করে নীরবতা পালন করা হয় নৃত্যশিল্পী পদ্মিনী চক্রবর্তী ও হীরা দে এবং কথাসাহিত্যিক দেবীপ্রসাদ সিংহ, মিথিলেশ ভট্টাচার্য আর সদ্য প্রয়াত বর্ষীয়ান কবি শঙ্খ পল্লব আদিত্য -র স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে। অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন শিল্পী রিয়া আচার্য্য। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন লেখক, গবেষক সৌম্যদীপ দেব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক কিশোর রঞ্জন দে। 'গল্প-ভাবনা ও সাম্প্রতিক অসমীয়া ছোটগল্প' বিষয়ে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন তিনি। অধ্যাপক ড. বর্ণালী ভৌমিক ঘোষ 'আধুনিক বাংলা ছোটগল্প: ব্যঞ্জনার রূপ-রূপান্তর' বিষয়ে অত্যন্ত স্পষ্ট ও জোরালো বক্তব্য রাখেন৷
আলোচনার এই পর্বে কথাকার শ্যামল বৈদ্য 'বিমল সিংহের ছোটগল্প' বিষয়ে মনোমুগ্ধকর আলোচনা করেন। এই পর্বে সভাপতিত্ব করেন গল্পের জন্য'র সভাপতি তথা রাজ্যের বরিষ্ঠ গল্পকার দুলাল ঘোষ।এদিন 'গল্পের জন্য তরুণ গল্পকার সম্মাননা ২০২৫' প্রদান করা হয় ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দিরের তরুণ গল্পকার অনুরাগ বর্দ্ধন, বিতান কারক, রীতম সাহা, দেবজিত শীল, দ্বীপশিখা দে, হলিক্রস স্কুলের কল্পদীপ বণিক ও রামঠাকুর কলেজের অনিকেত চক্রবর্তীকে।দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় গল্প পাঠ। এই পর্বে গল্প পাঠ করেন লেখক শুভাশিস চৌধুরী, ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দিরের শিক্ষার্থী অনুরাগ বর্দ্ধন, রামঠাকুর কলেজের শিক্ষার্থী অনিকেত চক্রবর্তী এবং রীতম সাহা। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন সংগীতা দেওয়ানজী। গল্প পিপাসুদের বিপুল উপস্থিতিতে এই আয়োজন সার্বিকভাবে সফল হয়। এভাবেই ধারাবাহিক প্রয়াস অব্যাহত থাকবে বলে সংস্থার তরফে জানানো হয়।আরশিকথা ত্রিপুরা সংবাদ
২২শে ডিসেম্বর ২০২৫




.jpeg)