নিজস্ব প্রতিনিধিঃ
পশ্চিম এশিয়ায় যুদ্ধ-সহ যাবতীয় যুদ্ধ নিয়ে শান্তির বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার দিল্লি থেকে তাঁর বার্তা, “আমরা দৃঢ় ভাবে বিশ্বাস করি যে, কেবল সামরিক সংঘাতের মাধ্যমে সমস্যার সমাধান হয় না।” ইরান যুদ্ধের পাশাপাশি এদিন ইউক্রেন যুদ্ধ নিয়েও একই বার্তা দিলেন মোদি। এই সময় ভারত সফরে দিল্লিতে এসেছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব। এদিন ইউরোপের প্রতিনিধিকে পাশে বসিয়ে যুদ্ধের বিরুদ্ধে যৌথ বিবৃতি দেন মোদি। তিনি বলেন, “ভারত এবং ফিনল্যান্ড উভয়ই আইনের শাসন, আলোচনা এবং কূটনীতিতে বিশ্বাস করে। ইউক্রেন হোক বা পশ্চিম এশিয়া, আমরা একমত যে কেবল সামরিক সংঘাতের মাধ্যমে কোনও সমস্যার সমাধান সম্ভব নয়। আমরা সংঘাতের দ্রুত অবসান এবং শান্তির জন্য সকল প্রচেষ্টাকে সমর্থন করে যাব।” এদিন ফিনল্যান্ডের প্রেসিডেন্টের উপস্থিতিতে ভারতের সঙ্গে ইউরোপের সুসম্পর্কের কথা তুলে ধরেন তিনি। বলেন, “বর্তমানে গোটা বিশ্ব একটা অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। বিশ্বের নানা প্রান্তে সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে, সে ইউক্রেন হোক বা পশ্চিম এশিয়া। এই পরিস্থিতিতে ভারত এবং ইউরোপ বিশ্বের দুই বিরাট গণতান্ত্রিক শক্তি সম্পর্কের সোনালী অধ্যায়ে প্রবেশ করেছে। আমাদের পারস্পরিক বোঝাপড়া আন্তর্জাতিক সুস্থিতি, উন্নয়নকে শক্তিশালী ও সমৃদ্ধ করবে।” পাশাপাশি মোদির দাবি, জটিল বৈশ্বিক চ্যালেঞ্জ সামলানোর জন্য আন্তর্জাতিক সংগঠনগুলির সংস্কার প্রয়োজন। এই সঙ্গে সব ধরনের জঙ্গিবাদ মূলোৎপাটন জরুরি।
akb tv news
05.03.2026

