নিজস্ব প্রতিনিধিঃ
রবিবার রাজধানীর আখাউড়া রোডে নেতাজি ভবন নির্মাণের দাবিতে নির্ধারিত স্থানে
এক আলোচনা সভার আয়োজন করা হয়। উল্লেখ্য, রাজ্যের প্রয়াত স্বাধীনতা সংগ্রামী দ্বিজেন্দ্র
দে নেতাজি ভবন তৈরির উদ্দেশ্যে ওই জমি দান করেছিলেন। সেই সময় জোট সরকারের আমলে, তৎকালীন
মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের নেতৃত্বে সেখানে নেতাজি ভবন নির্মাণের পরিকল্পনা
গ্রহণ করা হয়।১৯৯১ সালের ২৪শে জানুয়ারি বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী সতীনাথ ভরদ্বাজের
হাত ধরে নেতাজি ভবনের শিলান্যাসও সম্পন্ন হয়। কিন্তু দুঃখজনক ভাবে দীর্ঘ বছর পেরিয়ে
গেলেও আজ পর্যন্ত ওই স্থানে ভবন নির্মাণের কাজ শুরু হয়নি। এই পরিস্থিতিতে অবিলম্বে
নেতাজি ভবনের নির্মাণ কাজ শুরু করার লক্ষ্যে এদিন আখাউড়া রোডের নির্ধারিত স্থানে আলোচনা
সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ‘স্যন্দন’ পত্রিকার সম্পাদক সুবল কুমার দে,
সাহিত্যিক রামেশ্বর ভট্টাচার্য সহ অন্যান্য
বিশিষ্ট ব্যক্তিরা।প্রয়াত স্বাধীনতা সংগ্রামী দ্বিজেন্দ্র দে–এর ইচ্ছা ছিল এই নেতাজি
ভবনে নেতাজী ,গান্ধীজি এবং সুভাষচন্দ্রের প্রতিকৃতি
স্থাপন করা হবে। পাশাপাশি এখানে একটি নেতাজি স্টাডি ফোরাম বা নেতাজি লাইব্রেরি গড়ে
তোলার পরিকল্পনা ছিল। সেখানে ভারত ও বিশ্বের রাজনৈতিক ইতিহাস, আত্ম ও সামাজিক বিষয়ক
নানা গুরুত্বপূর্ণ গ্রন্থ ও সমালোচনামূলক বই রাখার কথা ভাবা হয়েছিল, যাতে পড়ুয়াদের
সুস্থ মানসিক বিকাশে সহায়তা মেলে।এছাড়াও প্রবীণদের অবসর সময় কাটানোর জন্য আলাদা একটি
ঘর রাখার পরিকল্পনাও ছিল। প্রসঙ্গত, এই জমি
দান করার সময় দ্বিজেন্দ্র দে পাঁচ সদস্য বিশিষ্ট একটি ট্রাস্টি বোর্ডও গঠন করে দিয়েছিলেন।নেতাজি
ভবনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়ে অনুষ্ঠানে উপস্থিত বক্তারা তাঁদের
বক্তব্য রাখেন।
akb tv news
29.03.2026

.jpeg)