আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আজকের ভাষা সাহিত্য পত্রিকার রজত জয়ন্তী বর্ষে সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্নঃ আরশিকথা ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি, আগরতলা, আরশিকথাঃ


    “আজকের ভাষা” সাহিত্য পত্রিকার রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে এক বর্ণাঢ্য ও গৌরবময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল ৫ই এপ্রিল ২০২৬ইং, রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় জি, ডি, ভবনে অনুষ্ঠানটি শুরু হয়।


    অনুষ্ঠানের শুভ সূচনা হয় ধীরেন্দ্র নাথশর্ম্মার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্প নিবেদনের মাধ্যমে। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন সৌরপ্রতিম শর্মা ও সুমিতা রায়, যা অনুষ্ঠানে এক বিশেষ আবহ সৃষ্টি করে।




    এই বিশেষ অনুষ্ঠানে খোয়াইয়ের সমাজজীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখা পাঁচজন বিশিষ্ট ব্যক্তিকে “ধীরেন্দ্র নাথশর্ম্মা স্মৃতি সম্মাননা–২০২৬” প্রদান করা হয়।

    সম্মানপ্রাপ্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ হলেন—

    ১) দেবাশীষ নাথশর্ম্মা, খোয়াই পৌর পরিষদের পৌরপিতা,

    ২) বিনয় দেববর্মা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও লেখক,

    ৩) গোপাল সিং, বরিষ্ঠ সাংবাদিক ও লেখক,

    ৪) অভিজিৎ দত্ত ভৌমিক, ত্রিপুরা বক্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি,

    ৫) অনুকূল দাস, সাহিত্য অনুরাগী ও জেলা পরিষদের মাননীয় সদস্য।


    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধীরেন্দ্র নাথশর্ম্মা স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং “আজকের ভাষা” সাহিত্য পত্রিকার উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য গীতা নাথশর্ম্মা মহোদয়া। এছাড়াও উপস্থিত ছিলেন পত্রিকার উপদেষ্টা কমিটির সদস্য, দৈনিক সংবাদ পত্রিকার প্রাক্তন সাংবাদিক  বিশিষ্ট লেখক প্রিয়তোষ ঘোষ মহোদয়।


    অনুষ্ঠানের সূচনায় “আজকের ভাষা” সাহিত্য পত্রিকার সম্পাদক কবি দীপেন নাথশর্ম্মা স্বাগত ভাষণ প্রদান করেন এবং পত্রিকার ২৫ বছরের গৌরবময় ইতিহাস তুলে ধরেন। তিনি তাঁর বক্তব্যে জানান, এই দীর্ঘ পথচলায় বহু শুভানুধ্যায়ী তাঁকে নানাভাবে সহযোগিতা করেছেন, আবার অনেকের অসহযোগিতাও তিনি ধৈর্যের সঙ্গে মেনে নিয়ে এগিয়ে গেছেন। সকলের সম্মিলিত প্রয়াসেই “আজকের ভাষা” আজকের এই অবস্থানে পৌঁছেছে বলে তিনি উল্লেখ করেন।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ত্রিপুরার বিশিষ্ট কবি, ধর্মনগর নিবাসী নিবারণ নাথ ও কবি মধুমঙ্গল সিনহা। আগরতলার নিহারীকা প্রকাশনীর কর্ণধার তীর্থঙ্কর দাস মহোদয়ও অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজকদের উৎসাহিত করেন।

    এছাড়াও খোয়াইয়ের স্থানীয় কবি ও সাহিত্য অনুরাগীদের মধ্যে উপস্থিত ছিলেন করুণা দেবনাথ, সুমিতা রায়, শিখা রায় দে, শান্তি দাস, গৌতম অধিকারী, পার্থ চক্রবর্তী, সুব্রত আচার্য, সুব্রত দেব, সৌরপ্রতিম শর্মা, রাজীব আচার্য, অনিমেষ ঋষিদাস, সাংবাদিক ও কবি যশপাল সিং, সৌরচান নাগ, দেবযানী ঋষিদাস, দীপ্যমান নাথশর্ম্মা সহ আরও অনেকে।

    অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ আকর্ষণ ছিল কবিতা পাঠের পর্ব। উপস্থিত সকল কবিগণ স্বরচিত কবিতা পাঠ করেন, যা অনুষ্ঠানের সাহিত্যিক আবহকে আরও সমৃদ্ধ করে তোলে। এছাড়াও শিশু শিল্পী দেবযানী ঋষিদাস কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা আবৃত্তি করে উপস্থিত সকলের প্রশংসা অর্জন করে।

    সমগ্র অনুষ্ঠানটি সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক বন্ধনের এক অনন্য মেলবন্ধনে পরিণত হয়। উপস্থিত অতিথি ও সম্মানপ্রাপ্তদের বক্তব্যে উঠে আসে সমাজ ও সাহিত্যচর্চার প্রতি দায়বদ্ধতার কথা।

    এই আয়োজন “আজকের ভাষা” সাহিত্য পত্রিকার দীর্ঘ ২৫ বছরের পথচলার এক গৌরবময় স্মারক হিসেবে সকলের মনে বিশেষ স্থান করে।

     

    3/related/default