নিজস্ব প্রতিনিধি,
শুক্রবার দেশের ১০টি রাজ্যের ২৪টি রাজ্যসভা আসনের দ্বিবার্ষিক নির্বাচনের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত সূচি অনুযায়ী, ১লা জুন নির্বাচনী বিজ্ঞপ্তি জারি করা হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আগামী ৮ই জুন। ৯ই জুন মনোনয়নপত্র যাচাই করা হবে এবং ১১ই জুন পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। ১৮ই জুন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। একইদিন বিকেল ৫টা থেকে ভোট গণনা শুরু হবে। সম্পূর্ণ নির্বাচনী প্রক্রিয়া ২০ জুনের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ব্যালট পেপারে পছন্দের ক্রম চিহ্নিত করতে শুধুমাত্র রিটার্নিং অফিসারের দেওয়া নির্দিষ্ট মানের বেগুনি রঙের স্কেচ পেন ব্যবহার করা যাবে। অন্য কোনও কলম ব্যবহারের অনুমতি থাকবে না। কমিশনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পর্যবেক্ষক নিয়োগ-সহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হবে। যে রাজ্যগুলিতে নির্বাচন হবে, সেগুলি হল অন্ধ্রপ্রদেশ, গুজরাট, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, মণিপুর, মেঘালয়, রাজস্থান, অরুণাচল প্রদেশ, কর্নাটক এবং মিজোরাম। মেয়াদ শেষ হতে চলা উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন দিগ্বিজয় সিং, এইচডি দেবগৌড়া এবং মল্লিকার্জুন খার্গ। এছাড়াও প্রয়াত শিবু সরেন-এর ঝাড়খণ্ডের আসনেও নির্বাচন হবে। তাঁর মৃত্যু পরবর্তী সময় থেকে আসনটি শূন্য ছিল। অন্য যাঁদের মেয়াদ শেষ হচ্ছে তাঁদের মধ্যে রয়েছেন অযোধ্যা রামি রেড্ডি আল্লা, পিল্লি সুভাষচন্দ্র বোস, রামভাই হারজিভাই মোকারিয়া, জর্জ কুরিয়ান, মহারাজা সানাজাওবা লেইশেম্বা, নীরজ ডাঙ্গি, রাজেন্দ্র গেহলট, নাবাম রেবিয়া, ইরান্না কাদাদি এবং কে. ভানলালভেনা সহ অন্যান্যরা।
akb tv news
22.05.2026

