নিজস্ব প্রতিনিধিঃ
৪৮ ঘণ্টার ব্যবধানে ফের উত্তপ্ত হয়ে উঠল কমলপুর মহকুমার কচুছড়া এলাকা। এবার দীর্ঘ ১০ দিন ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকার প্রতিবাদে সালেমা-আমবাসা সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন ভীম শবর পাড়ার গ্রামবাসীরা। বৃহস্পতিবার সকালে গ্রামবাসীরা কচুছড়া বাজার সংলগ্ন সড়কে টায়ার জ্বালিয়ে ও রাস্তার উপর বসে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের অভিযোগ, গত ১০ দিন ধরে এলাকায় বিদ্যুৎ নেই। বার বার বিদ্যুৎ দপ্তরে অভিযোগ জানানো হলেও সমস্যার কোন সমাধান হয়নি। ফলে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাতে হচ্ছে এলাকাবাসীদের। পথ অবরোধের জেরে সালেমা-আমবাসা সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়। এর পাশাপাশি সৃষ্টি হয় তীব্র যানজট। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় কচুছড়া থানার পুলিশ। পুলিশ ও প্রশাসনের আশ্বাসের পর অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।গ্রামবাসীরা হুঁশিয়ারি দেন দ্রুত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন।
akb tv news
21.05.2026

