নিজস্ব প্রতিনিধি,
রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৪তম পর্ব অনুষ্ঠিত হয় l এদিন আগরতলার বড়দোয়ালী ১১ নম্বর বুথের অন্তর্গত মুক্তধারা প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠান শ্রবণ করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিদ্যুৎ, আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী মনোহর লাল খট্টর।অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী জানান, ‘মন কি বাত’-এর ১৩৪তম পর্বে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে দেশের ক্রীড়াবিদদের সাফল্য ও তাদের অনুপ্রেরণামূলক যাত্রা, তীব্র দাবদাহের সময় সাধারণ মানুষের করণীয়, দেশীয় পানীয় ব্যবহারের প্রসার, আম চাষিদের সাফল্যের কাহিনি এবং কৃষিক্ষেত্রে উদ্ভাবনী উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।এছাড়াও প্রধানমন্ত্রী নেদারল্যান্ডস থেকে দেশে ফিরিয়ে আনা প্রাচীন চোল সাম্রাজ্যের ঐতিহাসিক তাম্রপটের গুরুত্ব তুলে ধরেন। দেশের ঐতিহ্য ও সাংস্কৃতিক সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন। পাশাপাশি শিক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সাধারণ মানুষের অসামান্য অবদানের বিভিন্ন উদাহরণ তুলে ধরে দেশবাসীকে ইতিবাচক উদ্যোগে অংশগ্রহণের আহ্বান জানান l মুখ্যমন্ত্রী বলেন, ‘মন কি বাত’ শুধু একটি রেডিও অনুষ্ঠান নয়, এটি দেশের বিভিন্ন প্রান্তের মানুষের সৃজনশীলতা, উদ্ভাবন, সামাজিক দায়বদ্ধতা এবং জাতি গঠনে তাঁদের অবদানের এক অনন্য মঞ্চ বলে তিনি জানান।
akb tv news
31.05.2026

