নিজস্ব প্রতিনিধিঃ
এবার ভারতের অর্থনীতিতে আরও একটি বড় বিপর্যয়ের
আশঙ্কা করা হচ্ছে। চলতি মরশুমে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের আশঙ্কা প্রকাশ
করেছে আবহাওয়া দপ্তর। IMD জানিয়েছে, পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে চলতি বছরকে খরার
বছর হিসেবেও চিহ্নিত করা হতে পারে। যার জেরে দেশের নদী বাঁধ বা জলাধার গুলির জলস্তর
হু হু করে কমবে। একই সঙ্গে ভূ-গর্ভস্থ জলের
স্তর নীচে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এরফলে ভারতের কৃষি ক্ষেত্র বড়সড় ধাক্কা খেতে পারে
বলে আশঙ্কা প্রকাশ করেছে ওয়াকিবহাল মহল। আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়েছে, এর
আগে ৯২ শতাংশ বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। কিন্তু নতুন গাণিতিক মডেলে দেখা গিয়েছে, বৃষ্টিপাত
৬০ শতাংশে নেমে যাওয়ার সম্ভাবনা প্রবল। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এমন পরিস্থিতির পিছনে
খলনায়ক হল ‘এল নিনো’। জলবায়ুর এমন পরিবর্তনের কারণে প্রশান্ত মহাসাগরের জলস্তর অস্বাভাবিক
গরম হয়ে উঠেছে। এর জেরে ভারতে তীব্র গরম এবং মৌসুমি বায়ু দুর্বল হয়ে পড়তে পারে।
‘এল নিনো’-র প্রভাবে জুন মাস জুড়ে দেশের একাংশে মারাত্মক গরম অনুভূত হতে পারে। আবহাওয়া
দপ্তর জানিয়েছে,দেশের বেশ কয়েকটি রাজ্যে স্বাভাবিকের চেয়ে বেশি তাপপ্রবাহ বা লু বইতে
পারে। এই তালিকায় রয়েছে উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, বিহার, ওডিশা, ছত্তিসগড়, গুজরাট,
অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, তেলঙ্গানা, হিমাচলপ্রদেশ এবং তামিলনাড়ু। তবে রাজস্থান ও
ঝাড়খণ্ডে অন্যবারের তুলনায় কিছুটা কম তাপপ্রবাহ দেখা যেতে পারে। আবহাওয়া দপ্তরের আধিকারিক
মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, জুন মাসে এই ‘এল নিনো’ কিছুটা দুর্বল থাকলেও সেপ্টেম্বরে
এটি অত্যন্ত শক্তিশালী হয়ে উঠতে পারে। যার প্রভাব পড়তে পারে দেশের বর্ষাকালের উপরে
বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
akb tv news
30.05.2026

