নিজস্ব প্রতিনিধিঃ
এক নাবালিকা অপহরণের ঘটনাকে কেন্দ্র করে চুরাইবাড়ি এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অপহৃতা নাবালিকাকে উদ্ধার করা হলেও মূল অভিযুক্ত এখনও পলাতক। অভিযোগ, গত বৃহস্পতিবার রাতে চুরাইবাড়ি পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের খাদিমপাড়া এলাকার বাসিন্দা শরিফ উদ্দিন ১৩ বছর বয়সী এক নাবালিকাকে অপহরণ করে নিয়ে যায়। ঘটনার পর নাবালিকার মা চুরাইবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ওই নাবালিকার পরিবারের অভিযোগ, মামলা দায়ের করার পর স্থানীয় পঞ্চায়েত সদস্য আয়াজ আলী তাদের উপর মামলা প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করেন। অভিযোগ, শুক্রবার রাতে টংছড়া এলাকা থেকে নাবালিকাকে উদ্ধার করে থানায় পাঠানোর ক্ষেত্রেও তিনি সক্রিয় ভূমিকা নেন। ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা চুরাইবাড়ি থানায় গিয়ে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অপহরণকারী শরিফ উদ্দিন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি উঠেছে স্থানীয় বাসিন্দাদের তরফে। এদিকে চুরাইবাড়ি থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
akb tv news
30.05.2026

