নিজস্ব প্রতিনিধিঃ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হোয়াইট হাউজ়ে আমন্ত্রণ
জানালেন মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও। শনিবার ভারতে চারদিনের সফরে এসেছেন
তিনি। শনিবার সকালে প্রথমে স্ত্রী’কে নিয়ে কলকাতায় পৌঁছান মার্কিন সেক্রেটারি অব স্টেট
মার্কো রুবিও। তারপর দুপুরে তিনি দিল্লিতে নামেন। রাজধানীতে পৌঁছনোর পরই সেবাতীর্থে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন রুবিও। বৈঠকে মূলত বাণিজ্য, প্রতিরক্ষা,
শক্তি নিয়ে আলোচনা করা হয়েছে। ওই বৈঠকেই ডোনাল্ড ট্রাম্পের তরফে আমেরিকা সফরের আমন্ত্রণ
জানানো হয়েছে। রুবিও-র সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, বিশ্বের
উন্নতির জন্য ভারত ও আমেরিকা একসঙ্গে কাজ করবে। বৈঠক নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।তিনি লেখেন,”মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও-র
সঙ্গে কথা হয়েছে। আমরা ভারত-আমেরিকার বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেছি।
একইসঙ্গে আলোচনায় উঠে এসেছে ধারাবাহিক অগ্রগতি এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা
সম্পর্কিত বিষয়।” প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, বিশ্বের মঙ্গলের জন্য নয়াদিল্লি
ও ওয়াশিংটন একসঙ্গে কাজ করে যাবে। আলোচনা ও কূটনীতির ওপর জোর দিয়েছেন তিনি। বিদেশ
মন্ত্রকের এক বিবৃতি অনুযায়ী, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র
মোদী আলোচনা ও কূটনীতির ওপর জোর দিয়েছেন ও শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন।
akb tv news
23.05.2026

