নিজস্ব প্রতিনিধিঃ
সোমবার ছিল ভগবান জগন্নাথদেবের পবিত্র স্নানযাত্রা উৎসব। প্রতি বছরের মত এবছরও
আগরতলার জগন্নাথ জিউ মন্দিরে অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সাড়ম্বরে পালিত হয় স্নানযাত্রা
উৎসব।এই উপলক্ষে রাজ্যের প্রধান এই জগন্নাথ মন্দিরে এদিন শত শত ভক্ত সমবেত হন। তারা
ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা-র পবিত্র স্নানক্রিয়া প্রত্যক্ষ করেন।প্রচলিত রীতি
অনুযায়ী ১০৮টি কলসে ভরা পবিত্র ও সুগন্ধযুক্ত জল দিয়ে দেবতাদের মহাস্নান করানো হয়।
বৈদিক মন্ত্রোচ্চারণ, পূজা-অর্চনা এবং ভক্তদের জয়ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে সমগ্র মন্দির
প্রাঙ্গণ।ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, স্নানযাত্রার পর ভগবান জগন্নাথ অসুস্থ হয়ে পড়েন
এবং পরবর্তী কয়েকদিন জনসাধারণের দর্শনের জন্য অনুপস্থিত থাকেন। এরপর রথযাত্রার দিন
নবযৌবন রূপে তিনি পুনরায় ভক্তদের দর্শন দেওয়ার উদ্দেশ্যে নগর পরিক্রমায় বের হয়।এদিন
জগন্নাথদেবের পবিত্র স্নানযাত্রা উৎসবকে কেন্দ্র করে জগন্নাথ জিউ মন্দিরে ভিড় ছিল চোখে
পড়ার মত।
akb tv news
29.06.2026

