নিজস্ব প্রতিনিধিঃ
জনস্বার্থ সম্পর্কিত পাঁচ দফা দাবিতে বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা জেলার
জেলা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করে আমারও বাঙালি দল।
একই সঙ্গে দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়াতেও দলটির পক্ষ থেকে অনুরূপ কর্মসূচি পালন করা
হয়।স্মারকলিপিতে দলটি দাবি জানায় যে, শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে অস্বাভাবিকভাবে
মৃত মনীষা দাসের মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে অবিলম্বে হাইকোর্টের একজন কর্মরত বিচারপতিকে
দিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির
ব্যবস্থা করতে হবে।এছাড়া নারী নির্যাতন ও নারীঘটিত অপরাধে জড়িত ব্যক্তিদের রাজনৈতিক
পরিচয় বিবেচনা না করে বিশেষ টাস্ক ফোর্স গঠনের মাধ্যমে দ্রুত বিচারের আওতায় আনার
লক্ষ্যে প্রয়োজনীয় আইন সংশোধনের দাবি জানানো হয়।দলের অন্যান্য দাবির মধ্যে রয়েছে
রাজ্যে সমস্ত ধরনের নেশা ও মাদকজাত দ্রব্যের উৎপাদন, বিপণন ও বিক্রি বন্ধ করা, কালোবাজারি
রোধ এবং পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, ওষুধপত্রসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি
নিয়ন্ত্রণ করা।পাশাপাশি রাজ্যের প্রতিটি ব্লকে শিল্প স্থাপনের মাধ্যমে শতভাগ কর্মসংস্থানের
সুযোগ সৃষ্টির দাবিও জানানো হয়েছে স্মারক লিপিতে।দলীয় নেতৃত্বের দাবি, জনস্বার্থে
উত্থাপিত এই দাবিগুলির বিষয়ে রাজ্য সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
akb tv news
18.06.2026

