ভারতীয় শিক্ষা ও সংস্কৃতিকে উত্তর প্রজন্মের হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে ভবনস্ বরাবর প্রশংসনীয় অবদান রেখেছে। আর এরই অঙ্গ হিসেবে মেধাবী শিক্ষার্থীদের আরো বেশি উৎসাহিত করতে ২৭ শে জুন নরসিংগড় স্থিত ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দিরের মহারাজা বীর বিক্রম অডিটোরিয়ামে আয়োজিত হয়েছিল বিদ্যালয়ের বোর্ড ও স্কুল টপারদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের উচ্চ শিক্ষা, পঞ্চায়েত ও সাধারণ প্রশাসন দপ্তরের মাননীয় মন্ত্রী কিশোর বর্মন। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা আইন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. ওয়াই.পি. সিং। এদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারতীয় বিদ্যাভবন আগরতলা কেন্দ্রের মাননীয় চেয়ারম্যান তথা প্রাক্তন আই.এফ.এস দেবাশিষ চক্রবর্তী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের অধ্যক্ষা স্বপ্না সোম। তাঁর বক্তব্যে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অসাধারণ ফলাফলের পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতার কথাও উঠে আসে। প্রধান অতিথি মাননীয় শ্রী কিশোর বর্মন অনুষ্ঠান শুরুর আগে এদিন ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দিরে প্রতিষ্ঠিত ত্রিপুরার প্রথম কম্পোজিট স্কিল ল্যাব পরিদর্শন করে এর উচ্চ প্রশংসা করেন। শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিয়ে তাঁর বক্তব্যে বিদ্যালয়ের সময়োপযোগী প্রয়াস, আভ্যন্তরীন শৃঙ্খলা ও সহপাঠ্যক্রমিক কাজেও বিদ্যালয়ের অসাধারণ সাফল্যের কথা উল্লেখ করেন।
এরপর মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে বিদ্যালয়ের সার্বিক সুনামের কথা তুলে ধরেন৷ চেয়ারম্যান দেবাশিস চক্রবর্তী তাঁর বক্তব্যে অসাধারণ ফলাফলের তাৎপর্য ও শিক্ষার্থীদের সামাজিক মানুষ হয়ে ওঠার উপর গুরুত্বারোপ করেন। এছাড়াও এদিন ভারতীয় বিদ্যাভবন আগরতলা কেন্দ্রের মাননীয় অধিকর্তা শ্রী আশীষ সেন সহ ভারতীয় বিদ্যাভবন আগরতলা কেন্দ্রের আরো উচ্চপদস্থ বিশিষ্ট আধিকারিকেরা উপস্থিত ছিলেন। এদিনই প্রফেসর কাশীনাথ দাস মেমোরিয়াল অ্যাওয়ার্ড, ভবনস্ মেরিট স্কলারশিপ, হরলাল মেরিট স্কলারশিপ শিক্ষার্থীদের প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সংক্ষিপ্ত সাংস্কৃতিক পরিবেশনা সকলকে মুগ্ধ করে।
অসংখ্য শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এদিনের অনুষ্ঠানে জনসমাগম ছিল লক্ষণীয়। জাতীয় সংগীতের মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠান সমাপ্ত হয়।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
২৮শে জুন ২০২৬


