প্রতিটি পদক্ষেপে শাকিরার তুঙ্গস্পর্শী জনপ্রিয় গানের সঙ্গে গ্যালারিতে ওয়েভ তুলছে-- কোসি সিকেলে আফ্রিকা, জাগো জাগো আফ্রিকা। প্রতিটি চল্লিশ গজের বল পায়ে ডিফেন্স ফালাফালা করা একক দৌড় প্রমাণ করে দিচ্ছে--আমরা ঘানা , কঙ্গো,দক্ষিণ আফ্রিকা, ইরাক থেকে দৌড়ে আসছি।
প্রতিটি জীবন বাজি রাখা গোল সেভ বলে দিচ্ছে-- আমরা কেপ ভার্দো থেকে , যুদ্ধ বিধ্বস্ত ইরান থেকে পৌঁছে গেছি ফুটবল আত্মসম্মানের কেন্দ্রবিন্দুতে। শুধু মেসি, রোনাল্ডো, এমবাপে,হারি কেন, ভিনিসিয়াস নয় ;
সহসা ঝঞ্ঝা তড়িৎ শিখার মতো চোরা গোপ্তা আক্রমণ শানিয়ে যাচ্ছে, যেন ভিয়েতনামের গেরিলা সৈনিক আর চট্টগ্রাম অস্ত্রাগার দখল নেয়া তরুণ সূর্যেরা।
তাদের চেতনায় মারাদোনা , সক্রেটিস,পেলে,রুড গুলিট। উথলে ওঠা দুধের বাটির মতো ভরা গ্যালারির অদৃশ্যমানতায়, দৃঢ়তার চেয়েও দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছেন--ফিদেল,চে ,ম্যান্ডেলা, লেনিন,মহাত্মা গান্ধি।
একটা নিরীহ চামড়ার গোলক,এগারোটা খালি পা,
বেশরম সাম্রাজ্যবাদকে ছারখার করে, ছিনিয়ে নিয়েছিল ১৯১১ সালের শিল্ড।
শিবদাস ভাদুড়ি থেকে চুনী গোস্বামী,গোষ্ঠ পাল থেকে সুভাষ ভৌমিক--
দুনিয়ার সব থেকে কম খরচের জনপ্রিয়তম খেলার ইতিহাসে আজও লেখা হয়-- সুন্দরবন,অ্যামাজনের সবুজ থেকে নিশীথ সূর্যের বর্ণচ্ছটায়--উই শ্যাল ওভারকাম...
আরণ্যক বসু
আরশিকথা অতিথি কলাম
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
১২ই জুলাই ২০২৬

