গল্প যখন ডানা মেলে দেয় উড়ান,
মাটি ছেড়ে গরু চড়ে বসে উঁচু গাছে,
সব পেয়েছির সেই দেশেতেই নাকি,
আকাশের নিচে টিয়াবনী গ্রাম আছে !
বৃষ্টি সেখানে কচি পাতা হয়ে নাচে ?
আলুর চপের সাথে মচমচে মুড়ি,
দমফাটা হাসি, কিম্ভুত কাহিনিতে,
আঙুল খুঁচিয়ে রোজ দেয় সুড়সুড়ি ?
স্টেশনে নামলে ডাকে দিকভুল পথ ?
ভূতের ছানারা মাল নিয়ে হয় হাওয়া !
যাত্রা শুরুতে তিনবার মারে হাঁচি ?
ফুল হয়ে ফোটে সব চাওয়া সব পাওয়া !
তাই মা-বাবার ছুটির সঙ্গী হয়ে,
যেতে চাই আমি যতো অকাজের কাজে,
ছোট মন্ডপে রবীন্দ্র নজরুল...
শিলাবৃষ্টির শরবত মাঝে মাঝে।
আরণ্যক বসু
আরশিকথা সাহিত্য
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
১১ই জুলাই ২০২৬

