বহু জলঘোলা করার পর ককরোচদের
মিশন সফল। নিট প্রশ্নফাঁসের ঘটনায় জনরোষের চাপে পড়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন শিক্ষামন্ত্রী
ধর্মেন্দ্র প্রধান। ককরোচ জনতা পার্টির সাফল্যের পর সেই একই ধাঁচে কেন্দ্রীয় সড়ক
পরিবহণ মন্ত্রী নীতীন গড়কড়ির বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি শুরু হল। ইথানল মিশ্রিত
পেট্রোলে মানুষের ক্ষোভকে অস্ত্র করে আত্মপ্রকাশ করল ‘ই-২০ জনতা পার্টি’। সোশাল মিডিয়ায়
ক্রমশ বাড়ছে এই সংগঠনের জনপ্রিয়তা। শুধু তাই নয়, ইথানল মিশ্রিত পেট্রোলের বিরুদ্ধে
আগামী ১লা আগস্ট থেকে আন্দোলনে নামছে অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি। পেট্রোলে
২০ শতাংশ ইথানল মেশানোর জেরে যানবাহনের ক্ষয়ক্ষতির পাশাপাশি মাইলেজ কমছে বলে অভিযোগ উঠেছে গোটা
দেশে। শুধু তাই নয়, ইথানল ব্যবসায় গড়কড়ির দুই পুত্র ও সায়ান অ্যাগ্রো
ইন্ডাস্ট্রিজের সম্পত্তির ব্যাপক বৃদ্ধিও বিতর্কের কেন্দ্রে চলে এসেছে। এই
ডামাডোলের মাঝেই আত্মপ্রকাশ করেছে ‘ই-২০ জনতা পার্টি’। সোশাল মিডিয়ায় তাদের
আত্মপ্রকাশের পরই ঝড়ের গতিতে জনপ্রিয়তা বাড়তে শুরু করেছে সংগঠনটির। এক্স
হ্যান্ডেলে এদের ফলোয়ার্সের সংখ্যা পৌঁছে গিয়েছে প্রায় ৪২ হাজার ৫০০তে। অল্প সময়ের
মধ্যেই ইনস্টাগ্রামে এদের ফলোয়ার্স হয়েছে ১.২৫ লক্ষের বেশি। সংখ্যাটা প্রতি
মুহূর্তে লাফিয়ে বাড়ছে। শুধু তাই নয় ই-২০র
বিরুদ্ধে আগামী ১লা আগস্ট দিল্লির টাউন হলে এক কর্মসূচির ডাক দেওয়া হয়েছে আপের তরফে। কেজরিওয়ালের আশা, আগামী শনিবার
টাউনহলের এই কর্মসূচিতে হাজার হাজার মানুষ যোগ দেবেন। দিল্লির বাইরে যারা রয়েছেন
তাদেরও অনলাইনে এই কর্মসূচিতে যোগ দেওয়ার আবেদন জানানো হয়েছে।
akb tv news
27.07.2026

