নিজস্ব প্রতিনিধিঃ
দিল্লিতে ছাত্র আন্দোলনের মাঝেই এবার যুবসমাজকে বড় বার্তা দিলেন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিট প্রশ্নফাঁসের অভিযোগ নিয়ে আগেই প্রধানমন্ত্রী
স্পষ্ট বার্তা দিয়েছিলেন, দোষীদের কাউকে রেয়াত করা হবে না। বৃহস্পতিবার সকালে এক্স
হ্যান্ডেলে পোস্ট করে আরও একবার সেই আশ্বাস দিলেন তিনি। তাঁর কথায়, যুবসমাজের
স্বার্থের ঊর্ধ্বে কোনও কিছুই নয়। একইসঙ্গে প্রশ্নফাঁসের ঘটনায় দ্রুত ও কঠোর
শাস্তি নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক কোর্ট গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ঘোষণা
করেছেন নরেন্দ্র মোদী।এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, “আমাদের যুব সমাজের
কল্যাণ ও ভবিষ্যতের থেকে গুরুত্বপূর্ণ আর কিছুই নয়। প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের
দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে আমরা ফাস্ট-ট্র্যাক কোর্ট গঠনের সিদ্ধান্ত
নিয়েছি। এই বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও
আধিকারিকদের নির্দেশ দিয়েছি। ছাত্রছাত্রীদের স্বার্থ রক্ষায় আমাদের ধারাবাহিক
উদ্যোগেরই অংশ এটি।” প্রসঙ্গত, মঙ্গলবারই NDA বৈঠকে নিট-প্রশ্নফাঁস নিয়ে কড়া
বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিট প্রশ্নফাঁস কাণ্ডে জড়িতদের
বিরুদ্ধে কঠোরতম শাস্তির পক্ষে সওয়াল করেছিলেন তিনি। একইসঙ্গে প্রধানমন্ত্রী বার্তা
দেন, প্রশ্নফাঁস রোধ করা শুধু সরকারের নয়, সমগ্র দেশের দায়িত্ব। একইসঙ্গে,
সবাইকে একযোগে একটি নির্ভুল পরীক্ষা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।
যাতে ভবিষ্যতে কোনও পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনা না ঘটে। প্রধানমন্ত্রীর স্পষ্ট
বার্তা, অপরাধীদের কাউকে রেয়াত করা হবে না। তিনি আরও জানান, কেউ কেউ প্রশ্নফাঁস
ইস্যুতে রাজনীতি করছেন। পড়ুয়াদের স্বার্থ
সুরক্ষায় কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না।
akb tv news
23.07.2026

