নিজস্ব প্রতিনিধিঃ
আগামী ২২শে জুলাই থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী খারচি মেলা । এবারে খাচি পুজার বিশেষ দিক হলো এক পের মা কে নাম শীর্ষক একটি অনুষ্ঠান উদযাপন করা হবে । এই মেলার দিনগুলিতে প্রায় এক হাজার গাছের চারা বিতরণ করা হবে দর্শনার্থীদের মধ্যে। রবিবার চৌদ্দ দেবতা বাড়ি সংলগ্ন ব্লক ডেভেলপমেন্ট অফিসে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে জানান এলাকার বিধায়ক রতন চক্রবর্তী। বিধায়ক রতন চক্রবর্তী ছাড়াও এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি রাজেশ ভৌমিক সহ আরো অন্যান্যরা । এদিন এই মেলা সংক্রান্ত ব্যাপারে বিধায়ক রতন চক্রবর্তী বিস্তারিত তুলে ধরেন সংবাদমাধ্যমের সামনে। তিনি জানান ২২ তারিখ পূজা ও মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। তাছাড়া উপস্থিত থাকবেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সভাপতিত্ব করবেন বিধায়ক রতন চক্রবর্তী। আগামী ৭ ই জুলাই মেলায় দোকান দিয়ে বসার জন্য ফরম বিতরণ শুরু হবে। আগামী ১৯ শে জুলাই অনুষ্ঠিত হবে লটারি। দলের বা কারো সুপারিশে কাউকেই ঘর দেওয়া হবে না। লটারির মাধ্যমে প্রকৃত ব্যবসায়ীরা দোকান ঘর সংগ্রহ করতে পারবে। পাশাপাশি গত বছর যে রেট নির্ধারিত ছিল এ বছরও তা বৃদ্ধি করা হয়নি। মেলাকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি একদিন এলাকার মেধাবি ছাত্রছাত্রীদেরও সংবর্ধনা প্রদান করা হবে। সাত দিনব্যাপী পূজা ও মেলা কে ঘিরে বিশেষ ট্রেন সহ টিআরটিসি বাসের ব্যবস্থা করা হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন উত্তর পূর্বাঞ্চল কলকাতা সহ রাজ্যের শিল্পীরা। পাশাপাশি কৃতি খেলোয়াড় সহ বিশিষ্ট ব্যক্তিদের এ বছর সংবর্ধনার ব্যবস্থা থাকবে। কোথাও কোন অশ্লীল কার্যকলাপ করা যাবে না। কঠোর ভাবে এদিকগুলির উপর নজরদারী করা হবে। পাশাপাশি ফুড সেইফটি ভ্যান মেলা প্রাঙ্গণে থাকবে খাদ্যের গুনাগুন পরীক্ষা করার জন্য। এছাড়া মেলার দিনগুলিতে দূর দুরান্ত থেকে আসা বিভিন্ন সাধু সন্তদের থাকা ও তাদের আহারের বন্দোবস্ত মেলা কমিটির পক্ষ থেকেই করা হবে। নেশার বিরুদ্ধেও কড়া নজরদারী থাকবে বলে এদিন জানান বিধায়ক রতন চক্রবর্তী ।
akb tv news
05.07.2026

