নিজস্ব প্রতিনিধিঃ
দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধ সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড ঠিকেদার সমিতির রাজ্য কমিটির সদস্যরা বিদ্যুৎ দপ্তরের ম্যানেজিং ডিরেক্টর (এমডি)-র সঙ্গে সাক্ষাৎ করেন। সমিতির পক্ষ থেকে জানানো হয়, গত প্রায় দু'বছর ধরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পন্ন করার পরও তাদের প্রাপ্য বিল পরিশোধ করা হয়নি। ফলে ঠিকাদারদের চরম আর্থিক সংকটের মুখে পড়তে হচ্ছে। শ্রমিকদের মজুরি পরিশোধ, মালামালের সরবরাহকারীদের বকেয়া মেটানো এবং সংসার প্রতিপালন করাও কঠিন হয়ে উঠেছে বলে তারা অভিযোগ করেন। এদিন এমডির কাছে সমিতি কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরে। তাদের অভিযোগ, গত এক থেকে দেড় বছর ধরে বিভিন্ন ডিভিশন থেকে পাঠানো বিল কর্পোরেট অফিসে আটকে রয়েছে। দ্রুত সেই সমস্ত পেন্ডিং বিল মিটিয়ে দেওয়ার দাবি জানানো হয়।এছাড়া, বহু ক্ষেত্রে কাজ শেষ হওয়ার পরও সময়মতো ওয়ার্ক অর্ডার ইস্যু না হওয়ায় বিল জমা দিতে দেরি হচ্ছে বলে অভিযোগ করেন ঠিকাদাররা। এই সমস্যারও দ্রুত সমাধানের দাবি জানানো হয়।রেট সংশোধনের বিষয়েও সমিতি জানায়, বর্তমানে ২০১৯-২০ সালের সিডিউল অফ রেটস অনুযায়ী কাজ করতে হচ্ছে। অথচ গত চার বছরে নির্মাণ সামগ্রী ও অন্যান্য খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাই অবিলম্বে অন্তর্বর্তীকালীন ৬০ শতাংশ রেট বৃদ্ধি এবং আগামী ১৫ দিনের মধ্যে নতুন SOR প্রণয়নের লক্ষ্যে সমিতির সঙ্গে বৈঠক করার দাবি জানানো হয়।এর পাশাপাশি, সিকিউরিটি ডিপোজিট ফেরত পেতে অতিরিক্ত বিলম্ব ও অযৌক্তিক শর্ত বাতিল, এবং ছোট টেন্ডারে থাকা বিভিন্ন অযৌক্তিক শর্ত সংশোধনের দাবিও এমডির কাছে তুলে ধরে ঠিকাদার সমিতি।সমিতির সদস্যরা জানান, দ্রুত দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার বিষয়েও তারা বিবেচনা করবেন। সারা রাজ্যব্যাপী কর্ম বিরতিতে যাবে তারা বল জানান নেতৃত্ব।
akb tv news
23.07.2026

