নিজস্ব প্রতিনিধিঃ
সংগঠনকে আরও শক্তিশালী ও তৃণমূল স্তরে সুসংহত করার লক্ষ্যে রবিবার আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয় প্রদেশ কংগ্রেসের বর্ধিত সভা। সভায় উপস্থিত ছিলেন পি সি সি সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, পিসিসি সদস্য, জেলা কংগ্রেস সভাপতি, সংগঠন সৃজন অভিযানের সভাপতি, বিভিন্ন ব্লক সভাপতি এবং শাখা সংগঠনের নেতৃবৃন্দ।সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জানান, মে মাসে রাজ্যজুড়ে সংগঠন সৃজন অভিযান শুরু হয় এবং জুন মাসে অভিযানের সভাপতিদের নিয়োগ করা হয়েছে। এখন সেই অভিযানের অংশ হিসেবে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ব্লক, মণ্ডল, বুথ ও জেলা কমিটি গঠনের কাজ সম্পূর্ণ করার লক্ষ্যে বিস্তারিত রূপরেখা নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, শক্তিশালী সাংগঠনিক ভিত্তি গড়ে তুলে আগামী দিনে জনস্বার্থে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করবে কংগ্রেস।আশীষ কুমার সাহা বলেন, বৈঠকে রাজ্যের একাধিক জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। জাতীয় সড়কের বেহাল অবস্থা, বিদ্যুতের মাসুল বৃদ্ধি, সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা এবং ছাত্রদের নিয়ে চলমান ‘ছাত্র কি আওয়াজ’ কর্মসূচি নিয়েও আলোচনা হয়।তিনি জানান, আগামী ২৩ জুলাই জাতীয় সড়কের বেহাল অবস্থার প্রতিবাদে ধর্মনগর, আমবাসা ও খোয়াই জেলায় একযোগে আন্দোলন কর্মসূচি পালন করবে প্রদেশ কংগ্রেস। এছাড়াও ৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস এবং ২৩ আগস্ট এডিসি দিবস উপলক্ষে ইন্দিরা গান্ধীকে স্মরণ করে প্রতিটি ভিলেজ কাউন্সিলে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।নির্বাচন প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অভিযোগ করে বলেন, রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগের মধ্য দিয়েই সরকারের উদ্দেশ্য স্পষ্ট হয়ে গেছে। তিনি দাবি করেন, পি. কে. চক্রবর্তীর নিয়োগ পুনর্বিবেচনা করা উচিত এবং তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের বিষয়েও প্রশ্ন তোলেন।তিনি বলেন, জনগণের স্বার্থে এবং গণতান্ত্রিক অধিকার রক্ষায় আগামী দিনেও কংগ্রেস রাজ্যজুড়ে আন্দোলন ও সাংগঠনিক কর্মসূচি আরও জোরদার করবে।
akb tv news
19.07.2026

