নিজস্ব প্রতিনিধিঃ
নির্মাণ কাজে শ্লথ গতির জন্য কিছুটা পিছিয়ে গিয়েছে পুর নিগমের উদ্যোগে আগরতলা শহরে চালু হতে যাওয়া সিভিল হসপিটাল। প্রসঙ্গত, পুর নিগমের টার্গেট ছিল গত বছরের ডিসেম্বরে এই হাসপাতালটিকে চালু করার। কিন্তু নির্মাণ সংস্থা সেই সময়ের ভিতর কাজ সম্পন্ন করতে পারেনি তাই উদ্বোধন পিছিয়ে দিতে হয়। শুক্রবার পুনরায় সেই কাজের অগ্রগতি খতিয়ে দেখতে মেয়র দীপক মজুমদার, সেন্ট্রাল জুনের চেয়ারম্যান তথা কর্পোরেটর রত্না দত্ত, স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে পুর নিগমের কমিশনার সাজু ওয়াহেদ সহ পুর নিগমের আধিকারিকরা বর্তমানে কি অবস্থায় রয়েছে নির্মাণ কাজ তা খতিয়ে দেখেন। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মুম্বাই পৌরসভা পরিচালিত হাসপাতালটি দেখে অনুপ্রাণিত হন এবং মেয়রকে নির্দেশ দেন আগরতলা শহর এরকম একটি হাসপাতাল তৈরি করার। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী জ্যাকসন গেইটে পৌর সভার পুরনো দালান বাড়িতে তৈরি হচ্ছে অত্যাধুনিক এই সিভিল হাসপাতাল। নিগমের ব্যবস্থাপনায় ১৮,০০০ স্কয়ার ফুট জায়গার উপর চলছে এই হাসপাতালের কাজ। রাজ্যের প্রধান দুটি হাসপাতাল ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতাল ও গোবিন্দ বল্লভ পন্থ হাসপাতালে রোগীর চাপ কমাতে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার। এই হাসপাতালে ৫০টি শয্যা থাকবে। শহরবাসীর পাশাপাশি রাজ্যের অন্যান্য প্রান্ত থেকে আগত রোগীরাও এই হাসপাতালে স্বাস্থ্য সেবা পেতে পারবেন।এভাবে, দুটি রেফারেল হাসপাতাল - আইজিএম এবং জিবিপি হাসপাতাল - এর উপর বোঝাও কমে যাবে।পরিদর্শন শেষে মেয়র সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এই মাসের ভেতরেই উদ্বোধন হবে এই সিভিল হাসপাতাল। অত্যাধুনিক সকল ব্যবস্থায় রাখা হয়েছে এই হাসপাতালে। ইতিমধ্যে বিশেষজ্ঞ সাত জন ডাক্তারকে পোস্টিং দেওয়া হয়েছে এই হাসপাতালে। পাশাপাশি প্যারা মেডিকেল স্টাফরাও ইতিমধ্যেই এখানে যোগদান করেছে। সব থেকে বড় যে ব্যাপারটা তা হচ্ছে এই হাসপাতালটিতে আউটডোর পরিষেবা চালু হবে বিকাল চারটা থেকে রাত্র নয়'টা পর্যন্ত। ফলে বিকেলে কোন ধরনের সমস্যা হলে রোগীরাই হাসপাতালে পরিষেবা গ্রহণ করতে পারবে।তিনি আরো বলেন শহরে যে সাতটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেগুলি এই সিভিল হাসপাতালের মাধ্যমে পরিচালিত হবে। এই সিভিল হাসপাতালটি চালু হলে শহর ও শহরতলীর স্বাস্থ্য পরিষেবা আরো উন্নত হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
akb tv news
03.07.2026

