নিজস্ব প্রতিনিধিঃ
রবিবার বারাণসী বিমান বন্দরের ভিতরে চলল গুলি। ঘটনায় আহত হন বিমান বন্দরের
দুই কর্মী। জানা গিয়েছে, এদিন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এক যাত্রী বন্দুক নিয়ে
যাচ্ছিলেন। তাঁর বন্দুক থেকেই গুলি চলে। আহত দুই কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া
হয়েছে।রবিবার সকাল সাড়ে ৯টা নাগাদ এই ঘটনাটি ঘটে বারাণসী বিমানবন্দরে।
আজমগড়ের বাসিন্দা এক ব্যক্তি তাঁর স্ত্রীকে নিয়ে মুম্বাই যাচ্ছিলেন। এয়ার ইন্ডিয়া
এক্সপ্রেসের IX-1810 বিমানে তাদের যাওয়ার কথা ছিল। ওই যাত্রী আগেই ঘোষণা করেছিলেন
যে তাঁর সঙ্গে একটি পিস্তল ও ম্যাগাজিন রয়েছে।বিমানে বোর্ডিংয়ের আগে ওই
পিস্তল ও তার সমস্ত নথি চেক করা হচ্ছিল। সেই সময় বন্দুকের মালিক ও বিমান বন্দরের কর্মীরা
উপস্থিত ছিলেন। এমন সময় আচমকা গুলি চলে যায়। বারাণসী বিমানবন্দরের
ডিরেক্টর পুনীত গুপ্তা জানান, অতর্কিত ভাবে বন্দুক থেকে বেরিয়ে যাওয়া বুলেট প্রথমে মাটিতে লাগে। তারপর তা ছিটকে দুই কর্মীর
গায়ে লাগে। একজন মহিলা কর্মীর পায়ে গুলি লাগে, পাশে দাঁড়িয়ে থাকা পুরুষ কর্মীর
হাতেও বুলেট লাগে। বিমানবন্দর কর্তৃপক্ষের বিবৃতিতে জানানো হয়েছে, যাত্রীর
হাত থেকেই পিস্তলের গুলি চলেছে, যার জেরে বিমানবন্দরের দুই কর্মী আহত হয়।
ইতিমধ্যেই স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
akb tv news
16.08.2026
ছবি-নেট থেকে সংগৃহীত।

