আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আগামী ২৮ আগস্ট শ্যাম সুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল ফুটবল লিগ ২০২৬

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি, আগরতলা, আরশিকথাঃ


    শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের উপস্থাপনায় এবং ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে ‘চন্দ্র মেমোরিয়াল ফুটবল লিগ’ আগামী ২৮ আগস্ট ২০২৬ থেকে উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে।

    ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন (TFA) হল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF)-এর সদস্য। TFA-এর অধীনে তিনটি পুরুষ বিভাগ—‘A’, ‘B’, ‘C’ এবং একটি মহিলা বিভাগ—রয়েছে, যেখানে যথাক্রমে ১০, ১০, ১৮ এবং ৮টি ক্লাব সদস্য হিসেবে রয়েছে।

    চন্দ্র মেমোরিয়াল ফুটবল লিগ হল ‘A’ ডিভিশনের একটি লিগ প্রতিযোগিতা। এবারের আসরে ৯টি সদস্য ক্লাব কাঙ্ক্ষিত ট্রফি জয়ের লক্ষ্যে প্রতিদ্বন্দ্বিতা করবে।

    এই প্রতিযোগিতাটি গৌর চন্দ্র সাহার প্রতি শ্রদ্ধার্ঘ্য হিসেবে আয়োজন করা হচ্ছে। তিনি ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রাক্তন সহ-সভাপতি হিসেবে ফুটবল এবং TFA-এর প্রতি ছিলেন গভীরভাবে নিবেদিত। শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের প্রতিষ্ঠাতা হিসেবে তাঁর নাম আজও এই খেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত।


    শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের চন্দ্র মেমোরিয়াল ফুটবল লিগ ২০২৬-এর শুভ সূচনা অনুষ্ঠান ২৩ আগস্ট, ২০২৬, রবিবার, আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সামনে মাঠে এবং মাঠের বাইরে এবারের প্রতিযোগিতায় কী কী আয়োজন থাকছে, তা তুলে ধরার পাশাপাশি এই অনুষ্ঠানের মাধ্যমে এবারের টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  অংশগ্রহণকারী প্রত্যেক দলের ক্যাপ্টেন, কোচ ও  ম্যানেজার।

    ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার ও  প্যাট্রন রতন সাহা সক্রিয় ভূমিকার কথা উল্লেখ  করে সম্পাদক অমিত চৌধুরী বলেন, “এবারের লিগ ঘোষণা করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এবং বরাবরের মতোই আমরা এমন একটি প্রতিযোগিতার নিশ্চয়তা দিচ্ছি, যেখানে শেষ পর্যন্ত জয়ী হবে ফুটবল।”

    TFA-এর সহ সম্পাদক তপন সাহা বলেন, “গৌরচন্দ্র সাহা, শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের প্রতিষ্ঠাতা, ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রাক্তন সহ-সভাপতি ছিলেন। তিনি ফুটবল এবং এই খেলার সঙ্গে যুক্ত সমস্ত বিষয়ের একজন সক্রিয় সমর্থক ছিলেন।”

    শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর ডিরেক্টর তথা গৌর চন্দ্র সাহার জামাতা রূপক সাহা বলেন, “গৌর চন্দ্র সাহার নামে আমরা প্রতিযোগিতাটিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বহু বছর ধরে বিভিন্ন মূল্যবান সংযোজন করে আসছি। এই মূল্যবান সংযোজনগুলির মধ্যে রয়েছে ‘ম্যান অফ দ্য ম্যাচ’, ‘ম্যান অফ দ্য টুর্নামেন্ট’, ‘বেস্ট এমার্জিং প্লেয়ার’, ‘বেস্ট রেফারি’ এবং ‘বেস্ট কোচ’-কে সম্মাননা প্রদান। তাঁদের প্রত্যেককে স্মারক এবং নগদ পুরস্কার দিয়ে সম্মানিত করা হবে। খেলোয়াড়ি মনোভাব নিয়ে পরিচ্ছন্ন ফুটবল খেলার জন্য একটি দলকে এবার ফেয়ারপ্লে ট্রফি ও প্রাইজ মানি দেওয়া হবে I”

    আগামী ২৮ আগস্ট ২০২৬ থেকে উমাকান্ত মিনি স্টেডিয়াম ফুটবলের উন্মাদনায় মুখর হয়ে উঠবে। দেখা হবে মাঠে।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ২৪ আগস্ট, ২০২৬

     

    3/related/default