নিজস্ব প্রতিনিধিঃ
সোমবার সকালে বিভিন্ন দাবিতে সাব্রুমের পয়াংবাড়ি আরডি ব্লকের অন্তর্গত সমরেন্দ্রগঞ্জ
উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে তালা ঝুলিয়ে পথ অবরোধে সামিল হয় বিদ্যালয়ের
ছাত্র-ছাত্রীরা। তাদের সঙ্গে আন্দোলনে অংশ নেন এলাকার স্থানীয় অভিভাবকরাও।আন্দোলনকারীদের
প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে—প্রাথমিক বিভাগের জন্য চারজন শিক্ষক নিয়োগ,
একজন স্থানীয় শিক্ষক নিয়োগ, বিদ্যালয়ে রান্নার কাজে ব্যবহারের জন্য LPG গ্যাসের সংযোগ
প্রদান এবং নার্সারি বিভাগের ছাত্র-ছাত্রীদের জন্য দু’জন আয়া নিয়োগ করা। অভিভাবকদের
অভিযোগ, প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক ও কর্মী না থাকায় বিদ্যালয়ের স্বাভাবিক পঠন-পাঠন ও
ছোট ছোট ছাত্র-ছাত্রীদের দেখভালে সমস্যার সৃষ্টি
হচ্ছে। দীর্ঘদিন ধরে এসব সমস্যার সমাধানের দাবি জানানো হলেও কার্যকর ব্যবস্থা না হওয়ায়
শেষ পর্যন্ত ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা একসঙ্গে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন বলে জানান তারা। বহু তৎপরতার পর অবশেষে
প্রত্যাহার করে নেওয়া হয় অবরোধ। সকাল থেকেই বিদ্যালয়ের গেইটে তালা ঝুলিয়ে পথ অবরোধ
করায় এলাকায় যান চলাচলেও প্রভাব পড়ে। এখন দ্রুত বিদ্যালয়ের সমস্যাগুলি সমাধানের দাবি
জানিয়েছেন আন্দোলনকারীরা।এখন দেখার তাদের এই দাবি কতটুকু বাস্তবায়িত হয়।
akb tv news
10.08.2026

.jpeg)