নিজস্ব প্রতিনিধিঃ
আগামী ৯ই আগস্ট থেকে ১৭ই আগস্ট পর্যন্ত দেশব্যাপী পালিত হবে ‘হর ঘর তিরঙ্গা’
কর্মসূচি। এই জাতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে গোমতী জেলা সম্পূর্ণ প্রস্তুত বলে শনিবার
সাংবাদিক সম্মেলনে একথা জানালেন গোমতী জেলার জেলা শাসক রিঙ্কু লাথের। জেলার বিভিন্ন
দপ্তর, নগর স্বায়ত্ত্ব শাসন সংস্থা, ব্লক প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, সিএপিএফ, রাজ্য
পুলিশ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কর্মসূচিটি সফলভাবে
বাস্তবায়নের লক্ষ্যে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির মূল উদ্দেশ্য
হল প্রতিটি নাগরিককে তাদের নিজ নিজ বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনে উৎসাহিত করা এবং
দেশপ্রেম, একতা ও জাতীয়তাবোধের চেতনাকে আরও সুদৃঢ় করে তোলা। সাংবাদিক সম্মেলনে জেলা
শাসক রিঙ্কু লাথের জানান, ৯ আগস্ট সকাল ১০টায় উদয়পুর রাজর্ষি হল প্রাঙ্গণ থেকে একটি
তিরঙ্গা রেলি শোভাযাত্রার মাধ্যমে কর্মসূচির সূচনা হবে। এই শোভাযাত্রা রমেশ চৌমুহনী,
জগন্নাথ দিঘির পশ্চিম পাড়, সেন্ট্রাল রোড ও ব্রহ্মাবাড়ি হয়ে পুনরায় রাজর্ষি হল
প্রাঙ্গণে এসে সমাপ্ত হবে। ১১ই আগস্ট সকালে ৭টায় রাজর্ষি টাউন হল থেকে একটি বাই সাইকেল
রেলির আয়োজন করা হয়েছে। এই রেলি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিভ্রমণ করে পুনরায়
টাউন হলে এসে শেষ হবে। একইদিন সকাল ১১টা ৩০ মিনিটে রাজর্ষি হলের লবিতে ‘তিরঙ্গা কনসার্ট
এবং ‘বন্দে মাতরম’বিষয়ক একটি প্রদর্শনীর আয়োজন করা হবে। ১২ আগস্ট সকাল ১০টায় ‘বন্দে মাতরম’
ভাবধারায় ত্রিবর্ণ রঙোলি অঙ্কনের কর্মসূচি অনুষ্ঠিত হবে। এছাড়াও ৯ই আগস্ট থেকে ১৭ই
আগস্ট পর্যন্ত জেলার বিভিন্ন প্রান্তে ব্যাপক প্রচার- প্রচারণা চালানো হবে। পাশাপাশি ‘সেলফি উইথ তিরঙ্গা’কর্মসূচির আওতায়
জেলাশাসকের কার্যালয়, গোমতী কমপ্লেক্স, ইউএমসি অফিস ও এসডিএম অফিসে বিশেষ সেলফি পয়েন্ট
স্থাপন করা হবে, যেখানে সাধারণ মানুষ অংশগ্রহণ করতে পারবেন।
08.08.2026

