দীর্ঘ দিনের বকেয়া প্রায় ৩০ কোটি টাকা পরিশোধের দাবিতে শনিবার রাজ্যের
বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথের সঙ্গে বৈঠক করল টিইসিএল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের
পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। প্রসঙ্গত উল্লেখ্য, বকেয়া বিল পরিশোধের দাবিতে কয়েকদিন
আগে অনির্দিষ্টকালের জন্য বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত বিভিন্ন কাজ বন্ধ রেখে আন্দোলনে
নেমেছিল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন। পরে বিদ্যুৎ মন্ত্রীর আহ্বানে তারা কর্মবিরতি প্রত্যাহার
করে আলোচনার পথে ফিরে আসে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী শনিবার প্রতিনিধি দলকে আলোচনার
জন্য সময় দেন মন্ত্রী।বৈঠকে কন্ট্রাক্টরদের দীর্ঘদিনের বকেয়া প্রায় ৩০ কোটি টাকা
দ্রুত পরিশোধের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা
করা হয়। বৈঠক শেষে অ্যাসোসিয়েশনের সহ-সম্পাদক স্বপন দাস জানান, আগামী ১৫ই আগস্টের
মধ্যেই বকেয়া অর্থ পরিশোধের আশ্বাস দিয়েছেন বিদ্যুৎমন্ত্রী।এর পাশাপাশি বৈঠকের পরই তিনি বিদ্যুৎ দপ্তরের ম্যানেজিং
ডিরেক্টরের (এমডি) সঙ্গে যোগাযোগ করে বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ
গ্রহণের নির্দেশ দেন।বিদ্যুৎ মন্ত্রীর এই আশ্বাসে সন্তোষ প্রকাশ করেছে টিইসিএল কন্ট্রাক্টর
অ্যাসোসিয়েশন। সংগঠনের আশা, নির্ধারিত সময়ের মধ্যেই বকেয়া অর্থ পরিশোধ হলে বিদ্যুৎ
পরিষেবা-সংক্রান্ত উন্নয়নমূলক ও রক্ষণাবেক্ষণের কাজ আবারও স্বাভাবিক গতিতে এগিয়ে
যাবে।
akb tv news
01.08.2026

