নিজস্ব প্রতিনিধিঃ
সোমবার রাত থেকে শুরু হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী কের পূজা। বুধবার সকালে পূজার আনুষ্ঠানিক সমাপ্তি হবে। মঙ্গলবার রাজবাড়ি প্রাঙ্গণে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে কের পূজা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই রাজবাড়িতে পূজাকে কেন্দ্র করে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে।রাজন্য আমল থেকে চলে আসা এই ঐতিহ্যবাহী পূজায় 'কের' অর্থ সুরক্ষিত সীমানা বা গণ্ডি। রাজ্য ও জনগণকে মহামারি, প্রাকৃতিক দুর্যোগ, অশুভ শক্তি ও বিপদ-আপদ থেকে রক্ষা এবং সকলের শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় এই পূজার আয়োজন করা হয়।কের পূজা চলাকালীন নির্ধারিত এলাকার চারদিকে বাঁশ দিয়ে গণ্ডি টানা হয়। এই সময় গণ্ডির ভেতরে প্রবেশ বা সেখান থেকে বের হওয়া, যান চলাচল এবং বিভিন্ন দৈনন্দিন কার্যকলাপের ওপর বিধিনিষেধ থাকে। পূজা শেষে ওই গণ্ডি ভেঙে দেওয়ার মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।১৯৪৯ সালের ১৫ অক্টোবর ত্রিপুরা ভারতভুক্ত হওয়ার পর তৎকালীন রাজমাতার সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী আজও রাজ্য সরকার কের পূজার রাজকীয় পৃষ্ঠপোষকতা ও যাবতীয় ব্যয়ভার বহন করে আসছে।
akb tv news
03.08.2026

